ভিসা জটিলতায় আসতে পারেননি উষসী
কথা ছিল ১৮ জুন সকালে ঢাকায় আসবেন মিস ইন্ডিয়া উষসী সেনগুপ্ত। ঢাকা ফ্যাশন সপ্তাহের শেষ দিন ১৮ জুন হোটেল ওয়েস্টিনের বলরুমে অনুষ্ঠিত র্যাম্পে উপস্থিত থাকার কথা ছিল। এমনকি একই ভেন্যুতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে ফ্যাশন প্রতিষ্ঠান নিউ জড়োয়া হাউসের পোশাক পরে র্যাম্পে অংশ নেওয়ার কথাও ছিল। শেষ পর্যন্ত তিনি ভিসা জটিলতার কারণে ঢাকা ফ্যাশন সপ্তাহে যোগ দিতে পারেননি।ঢাকা ফ্যাশন সপ্তাহের নির্বাহী পরিচালক ফাখরুল চৌধুরী প্রথম আলোকে জানান, ১৭ তারিখ পর্যন্ত উষসীর ঢাকায় আসা নিয়ে কোনো জটিলতা ছিল না। কিন্তু শেষ দিকে এসে ভিসা জটিলতার কারণে তিনি আসতে পারেননি।কলকাতার মেয়ে উষসীর পূর্বপুরুষদের বসবাস ছিল আজকের বাংলাদেশে। এখন তিনি মুম্বাইয়ে বাস করেন।উল্লেখ্য, উষসী সেনগুপ্ত গত বছরের ২৩ আগস্ট আমেরিকার লাস ভেগাসে অনুষ্ঠিত মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় জয়ী হন। কলকাতার মেয়ে উষসী সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে মানবিক বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। মিস ইন্ডিয়া হওয়ার আগে থেকেই তিনি বিভিন্ন অনুষ্ঠানে র্যাম্প মডেলিংয়ে অংশ নিয়েছেন।