ভিড় শুধু শাহবাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

♦ ২৭ জানুয়ারি শুরু হয় শিশু চলচ্চিত্র উৎসব।
♦ উৎসবের বিভিন্ন পর্বে তৌকীর আহমেদ এবং মোস্তফা সরয়ার ফারুকীর অংশ নেওয়ার কথা।
♦ চলচ্চিত্র নির্মাণ বিষয়ে তাঁরা খুদে নির্মাতাদের নিজের অভিজ্ঞতা শোনাবেন।

শিশু চলচ্চিত্র উৎসবে ব্যস্ততার ফাঁকে স্বেচ্ছাসেবীদের উচ্ছ্বাস l ছবি: খালেদ সরকার
শিশু চলচ্চিত্র উৎসবে ব্যস্ততার ফাঁকে স্বেচ্ছাসেবীদের উচ্ছ্বাস l ছবি: খালেদ সরকার

সিনেমা চলছে। কিন্তু আশপাশের হুল্লোড় বলছে, এটা কোনো ফুটবল ম্যাচ। চারদিক থেকে ‘আর্জেন্টিনা আর্জেন্টিনা’ হর্ষধ্বনি। কিছুক্ষণ পর আবার হলজুড়ে হাসির রোল পড়ে গেল। সচরাচর সিনেমার প্রদর্শনী বলতে যা বোঝায়, রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনের গতকালের চিত্রটা ভিন্ন। এ ভিন্নতার কারণ দর্শকসারিতে বসা খুদে দর্শকেরা। তাদের চোখ যে বড় বড় বোদ্ধা দর্শকদের চেয়েও বেশি কিছু দেখে, তারই প্রমাণ মিলল গতকাল মঙ্গলবার ১১ তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশে কলম্বিয়ার ছবি ‘হিরো স্টেপস’-এর প্রদর্শনীর সময়।

শুধু সিনেমা নয়, শিশুদের অস্থির মন সিনেমায় চিত্রিত ফুটবল ম্যাচেরও খুঁটিনাটি বিষয়ের দিকে মন দিচ্ছিল। ফরওয়ার্ডের খেলোয়াড়ের পাসটা যে দুর্দান্ত হয়েছে, ছবি দেখার ফাঁকে এটাও এক খুদে দর্শক ফিসফিসিয়ে বলছিল আরেকজনকে। ছবির শারীরিক প্রতিবন্ধী শিশুদের ফুটবল দলটি গোল দিতেই উচ্ছ্বাসে ফেটে পড়েছিল মিলনায়তনভর্তি ছেলেমেয়েরা।

২৭ জানুয়ারি শুরু হয় শিশু চলচ্চিত্র উৎসবটি। গতকাল দিনের প্রথমভাবে উৎসবের কেন্দ্রস্থল শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে গিয়ে দেখা যায় বিভিন্ন স্কুল থেকে আসা ছেলেমেয়েদের ভিড়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তারা। বেলা ১১টায় কলম্বিয়ার ‘হিরো স্টেপস’ দেখার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে সবাই। উৎসবস্থলের বিভিন্ন স্টলও শিশু-কিশোরে জমজমাট। আর এসবের মধ্যে শৃঙ্খলা ঠিক রাখতে খুদে স্বেচ্ছাসেবীদের সে কী ব্যস্ততা!

শওকত ওসমান মিলনায়তনে ছবির প্রদর্শনী শুরু হলে বাইরের ভিড় কিছুটা কমে আসে। স্বেচ্ছাসেবীরাও দুদণ্ড স্বস্তির নিশ্বাস ফেলার সময় পান। তবে ওদিকে উৎসবের আরেক ভেন্যু ঘিরে ব্যস্ততা শুরু হতে সময় লাগে না। কাছাকাছি সময়ই পাশের জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে ততক্ষণে শুরু হয়ে যায় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন ওয়ার্কশপ।

ভারত থেকে এই কর্মশালা পরিচালনা করতে এসেছেন অরুণ গুপ্ত। তিনি ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনের (এনআইডি) ফিল্ম অ্যান্ড ভিডিও কমিউনিকেশন বিভাগের প্রধান। বেলা দেড়টা পর্যন্ত চলে তাঁর কর্মশালা। সেখানে এ চলচ্চিত্রব্যক্তিত্ব তাঁর ও তাঁর শিক্ষার্থীদের কিছু কাজের কথা তুলে ধরেন। খুদে নির্মাতাদের শেখান কী করে তাঁদের নির্মাণের কথা সীমানার ওপারে পাঠাতে হবে। মূলত দেশের বাইরের উৎসবগুলোয় চলচ্চিত্র জমা ও এ জন্য প্রস্তুতি কেমন নিতে হয়, সেসব কথায় আড্ডার আমেজে সবার সামনে তুলে ধরেন তিনি।

কর্মশালা শেষ হতেই শিশু ও কিশোর চলচ্চিত্র নির্মাতাদের দল ফিরে আসে উৎসবের মূল চত্বরে, অর্থাৎ কেন্দ্রীয় গণগ্রন্থাগারে। এরই মধ্যে দিনের প্রথম ভাগে চলচ্চিত্র প্রদর্শনী শেষ হয়েছে। সাধারণ দর্শক ও খুদে নির্মাতাদের ভিড়ে আবার সরগরম উৎসব প্রাঙ্গণ। এরই মধ্যে মায়ের হাত ধরে ছবি দেখতে আসা সিঁথি দেবকে দেখা গেল কিছু একটা খুঁজতে। তাদের কাছে গিয়ে জানা গেল, মায়ের সঙ্গে সিনেমা দেখতে এসেছে সিঁথি।

প্রথমে সিঁথি গিয়েছিল ফুলার রোডে ব্রিটিশ কাউন্সিলের ভেন্যুতে। কিন্তু সেখানে গিয়ে মন খারাপ করে ফিরতে হয়েছে তাকে। কারণ গতকাল সেখানে কোনো প্রদর্শনী ছিল না। কিন্তু উৎসবে ছবি তার দেখতেই হবে, এই পণ করে মায়ের সঙ্গে কেন্দ্রীয় গণগ্রন্থাগারে এসেছে সে। হিরো স্টেপস দেখে খুশি খুশি মনে সিঁথি বলে, খুব ভালো লেগেছে তার। আরও কয়েকটা ছবি দেখে তবেই বাড়ি ফিরবে সে।

অন্যদিকে কর্মশালা আর সেমিনারও থেমে নেই। গতকালই বিকেল সাড়ে পাঁচটার দিকে একটি আলাপচারিতা পর্বে অংশ নেন ৯৩টি দেশ ঘুরে ফেলা বাংলাদেশি ভ্রমণকারী নাজমুন নাহার। উৎসবে অংশ নেওয়া শিশু-কিশোরদের জানান তাঁর বিশ্ব ঘোরার রোমাঞ্চকর সব গল্প। তা ছাড়া দিনের শেষ ভাগে প্রদর্শিত হয় মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি আঁখি ও তার বন্ধুরা। সন্ধ্যায় এ ছবি দেখতেও খুদে দর্শকদের ভিড় ছিল বেশ।

এসব ভিড় ঠেলেই উৎসব পরিচালক মোহাম্মদ আবির ফেরদৌস পর্যন্ত পৌঁছানো। তিনি জানালেন, সবার উপস্থিতি তাঁদের অনুপ্রেরণা জোগাচ্ছে। তবে আক্ষেপ একটাই, দর্শক শুধু উৎসবের মূল ভেন্যু অর্থাৎ শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারে, জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন ও শিল্পকলা একাডেমিতেই ভিড় জমাচ্ছেন। বাকি আরও তিনটি উৎসবস্থলে দর্শক সমাগম কিছুটা কম।

আবির বলেন, সবাইকে তাঁরা জানিয়ে দিতে চান, ধানমন্ডির গ্যেটে ইনস্টিটিউট ও আলিয়ঁস ফ্রঁসেজ আর ফুলার রোডের ব্রিটিশ কাউন্সিলেও চলচ্চিত্র উৎসবটি হচ্ছে। সেখানেও আছে চমক। আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত এমন চমক শিশুদের জন্য অপেক্ষা করবে। আগামী দিনগুলোয় উৎসবের বিভিন্ন পর্বে নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ এবং নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর অংশ নেওয়ার কথা। চলচ্চিত্র নির্মাণ বিষয়ে তাঁরা এ উৎসবে অংশ নেওয়া খুদে নির্মাতাদের নিজের অভিজ্ঞতা শোনাবেন।