
সকাল থেকেই বিএফডিসিতে (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন) শুরু হয়েছে বাংলাদেশ শিল্পী সমিতির নির্বাচন। তাই সকাল থেকেই নবীন–প্রবীণ শিল্পীদের আনাগোনা এফডিসিতে। ভোট প্রদানের পাশাপাশি বহুদিন পর সহকর্মীদের সঙ্গে দেখা করার এ সুযোগ কোনো তারকাই হাতছাড়া করতে চাননি। এদিকে এসব তারকাকে একনজর দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি তাঁর ভক্তরা। তাই সকাল থেকেই ভক্তরা ভিড় করেন এফডিসির মূল ফটকে।
এমনিতে প্রতিদিনই ভিড় থাকে এফডিসির ফটকের সামনে। কিন্তু বিগত দিনের চেয়ে কয়েক গুণ বেশি ভক্ত ও দর্শনার্থী ভিড় করেন আজ। একদিকে গাড়ি সমেত তারকাদের ভেতরে প্রবেশের তাড়া, আরেক দিকে ভক্তদের সামলানো। সামাল দিতে হিমশিম খেতে হয় ফটকের সামনে দাঁড়ানো পুলিশ সদস্যদের। বেশ কয়েকবার দর্শনার্থীদের তাড়াতে লাঠি হাতে ধাওয়া করেন পুলিশ সদস্যরা। ধাওয়া করার কয়েক মিনিটের মধ্যেই আবার যথারীতি ফটকের সামনে ভিড় করেন দর্শনার্থীরা।
এসব কারণে ভেতরে ঢুকতে বেশ বেগ পেতে হয় অভিনয়শিল্পীদের। ফটকের সামনের রাস্তাতেই যানজট লেগে যায়। এই জটে পড়ে দুপুরের দিকে শাকিব খান, ডিপজলসহ বেশ কয়েকজন তারকাকে ফটকের সামনে গাড়িতে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে পুলিশ সদস্যদের সহযোগিতায় তাঁরা ভেতরে প্রবেশ করেন।