
চব্বিশ ঘণ্টার মধ্যে হোটেল বদলাতে হলো। যেখানে মাংস রান্না হবে না, শুধু সবজি খেয়ে থাকতে হবে—সেখানে থাকা চলে? দ্বিতীয় হোটেল ‘নির্ভানা’য় সুইমিং পুলের পাড়ে একটি নারী ভাস্কর্য কলসি কাঁখে দাঁড়িয়ে। রাত একটু গভীর হতেই মনে হলো, সুনসান লবিতে কেউ ঘুঙুর পরে হাঁটছে। আসার পথেও ঘুঙুরগুলো খুব যন্ত্রণা দিয়েছে। বাসের চাকা পথের এবড়োখেবড়ো গর্তে পড়লেই ঝনঝন করে বেজে উঠেছে। ঘুমাতে দেয়নি সারা পথ। কিন্তু হোটেলের ভেতরে ঘুঙুর বাজাটা একটা ভুতুড়ে কাণ্ড বলেই মনে হয়!
আসলে গত বুধবার রাতে ঢাকা থেকে যে ১৬ জনের শিল্পীদলটি রওনা দিয়েছিল, তাঁদের বিভিন্ন আকারের ২৭টি বাক্স-পেটরার ভেতর জায়গা হয়নি বিরাট এক গোছা ঘুঙুরের। আবু নাইম সেগুলোকে লাল ঘুঙুর নামে ডাকছিলেন। সারা পথ অনিন্দিতা সেগুলোকে দিয়েছে সান্ত্বনা, ‘থামো থামো, তোমাদের পরেই তো নাচব।’

প্রায় ৪০ ঘণ্টা ভ্রমণের পর আমরা পা রাখি মধ্যপ্রদেশে। সাতনা রেলস্টেশন থেকে গাড়িতে রওনা হই খাজুরাহোর উদ্দেশে। পথে প্রায় মরুভূমির মতো একটা জায়গায় দুপুরের খাওয়ার জন্য যাত্রা বিরতি। হোটেলটা যথারীতি হিন্দি ছবিতে দেখা দূরপাল্লার পথে পাওয়া পানশালার মতো। সকালে রেলগাড়িতে শিঙারা-চা খেয়ে দুপুর পর্যন্ত থাকা কষ্টসাধ্য, তার ওপর যাত্রার ঝক্কি। হোটেলে খাবারের ফরমাশ দেওয়ার পর প্রথম আসে পাঁপড়। ঘিয়ে রঙের পাঁপড়ের গায়ে নানা মসলা। ঝাল ঝাল সেই পাঁপড়ের গুঁড়াও খেয়ে ফেলেন ভয়ানক ক্ষুধার্ত তরুণেরা। এরপর একে একে আসতে শুরু করে চাল (হালকা সুগন্ধি ভাত), লাল আটার রুটি, ডাল ও ঝাল-ঝোলে ডোবা মুরগির মাংস।
হাওড়া থেকে একটি ব্যাপার লক্ষণীয়, এখানকার টয়লেটগুলোয় হ্যান্ড শাওয়ারের কোনো ব্যবস্থা নেই। ব্যবহার করতে হয় ছোট আকারের মগ। এমনকি ভালো মানের হোটেলগুলোতেও। ভীষণ অস্বস্তিকর ব্যাপার! আরও অস্বস্তিকর হচ্ছে, খাজুরাহোর পথে পথে যেখানেই পর্যটক, সেখানেই বিক্রি হচ্ছে কামসূত্রের হিন্দি ও ইংরেজি সংস্করণের বই।

খাজুরাহোর গুরুত্বপূর্ণ জায়গাগুলোয় রয়েছে নৃত্য উৎসবের ব্যানার। সোমবার বিকেলে সেখানে শুরু হতে যাচ্ছে মহাদেশের সব থেকে বড় ও সম্মানজনক শাস্ত্রীয় নাচের আন্তর্জাতিক আসর। সন্ধ্যা থেকে রাত অবধি টানা সাত দিন সেখানে ঘুঙুর বাজবে। পুরাণের দেব-দেবীরা নৃত্য-গীতের সমঝদার। কেউ কেউ নিজেরাও দারুণ পটীয়সী শিল্পী ছিলেন। তাঁদের স্মৃতিবিজড়িত এ অঞ্চলের এই উৎসবটি বলা যায় তাৎপর্যপূর্ণ। সারা ভারতবর্ষ থেকে এসেছেন শিল্পীরা।
সমাপনী দিনে মূল মঞ্চে নাচ করবেন বাংলাদেশের শিল্পীরা। এ ছাড়া বাংলাদেশের জন্য এবার আলাদা প্যাভিলিয়ন ও মঞ্চ থাকবে। সেখানে ছয় দিনই থাকবে রায়বেঁশে, বাউল, কথক ও মণিপুরি নাচ। রবীন্দ্রনাথ ও নজরুলের গানেও হবে নৃত্য। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা পণ্যের সঙ্গে পরিচিত হতে পারবেন পর্যটকেরা। আয়োজনের কোনো কমতি রাখেননি বাংলাদেশের সাংস্কৃতিক সংগঠন ‘সাধনা’। ঢাকা থেকে এ উৎসবে যোগ দিচ্ছেন সংগঠনটির প্রায় ৩২ জন শিল্পী।
ছবিগুলো তুলেছেন রাসেল মাহ্মুদ