ভুল শোধরাবেন ক্যাটরিনা!

স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে রণবীর কাপুরের সঙ্গে অবকাশযাপনের সময় ক্যাটরিনা কাইফের বিকিনি পরা ছবি ফাঁসের ঘটনায় নিজেকেই দুষছেন ক্যাটরিনা। তিনি মনে করছেন, সমুদ্রসৈকতে বিকিনি পরে গিয়ে ভুল করেছেন তিনি। এ জন্য ভবিষ্যতে আর কখনোই বিকিনি পরে সমুদ্রসৈকতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিকিনি-দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্তও চূড়ান্ত করেছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেত্রী।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ‘ওয়ান ইন্ডিয়া’ জানিয়েছে, ছবি ফাঁসের পুরো ঘটনার জন্য নিজেকেই দায়ী মনে করছেন ক্যাটরিনা। তাঁর মতে, বিকিনি পরে ইবিজার মতো জনাকীর্ণ সমুদ্রসৈকতে গিয়ে তিনি মস্ত বড় ভুল করেছেন। সেই ভুলের খেসারতই তাঁকে দিতে হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আর কখনোই বিকিনি পরে সমুদ্রসৈকতে না যাওয়ার প্রতিজ্ঞা করেছেন তিনি।
কেবল ব্যক্তিগত জীবনেই নয়, বিকিনি পরে ক্যামেরার সামনে না দাঁড়ানোর সিদ্ধান্তও পাকাপাকি করেছেন ‘বুম’ তারকা ক্যাটরিনা। ছবি ফাঁসের ঘটনার আগে ক্যাটকে বিকিনি পরে ‘ধুম ৩’ চলচ্চিত্রের একটি দৃশ্যে অভিনয়ের অনুরোধ করেছিলেন প্রযোজক আদিত্য চোপড়া। তখন আদিত্যকে না বলেছিলেন ক্যাটরিনা। ছবি ফাঁসের ঘটনার পর ভবিষ্যতে আর কোনো ছবিতেই বিকিনির দৃশ্যে অভিনয় না করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন ক্যাটরিনা।
প্রসঙ্গত, গত জুলাই মাসের শুরুর দিকে ম্যাকাওতে আইফা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলে ক্যাটরিনা চলে যান স্পেনে। সেখানে আগে থেকেই তাঁর জন্য অপেক্ষা করছিলেন রণবীর। স্পেনের ইবিজা সমুদ্রসৈকতে অবকাশযাপনের সময় গোপনে তাঁদের একান্ত মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করেন আলোকচিত্রীরা। পরে ছবিগুলো প্রকাশিত হয় ‘স্টারডাস্ট’ ম্যাগাজিনে। ছবিগুলোতে বিকিনি পরা অবস্থায় দেখা গেছে ক্যাটরিনাকে।
শুরুতে বিষয়টি নিয়ে মুখ না খুললেও সম্প্রতি এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ক্যাটরিনা। এ প্রসঙ্গে এক খোলা চিঠিতে ক্যাটরিনা লিখেছেন, ‘আমি স্পেনে অবকাশযাপনে গিয়েছিলাম। সে সময় লুকিয়ে এসব ছবি তোলা হয়েছে কোনো রকম অনুমতি না নিয়েই। ভীরু-কাপুরুষের মতো এমন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শুধু তাই নয়, ছবিগুলো প্রকাশও করা হয়েছে বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে।’
ক্যাটরিনা আরও লিখেছেন, ‘তারকাদের ব্যক্তিগত জীবনের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে এবং শালীনতার তোয়াক্কা না করে অসাধু সাংবাদিকতার চর্চা চলছে। একশ্রেণীর অসাধু সাংবাদিক শকুনের মতো ওত পেতে তারকাদের ব্যক্তিজীবনে হস্তক্ষেপ করছেন। আমার এসব ছবি ফাঁস করে সেই অসাধু সাংবাদিকতাকেই উত্সাহিত করা হয়েছে। বরাবরই গণমাধ্যমের সঙ্গে আমি সুসম্পর্ক বজায় রেখেছি। চাইলেই যেকোনো সময় গণমাধ্যমকর্মীরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কাজেই আমার ওপর এভাবে চুপিসারে আক্রমণ চালানোর কোনো কারণ নেই।’