ভুল স্বীকার করলেন 'বাহুবলী' পরিচালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবী ও এস এস রাজমৌলি
শ্রীদেবী ও এস এস রাজমৌলি

ছবি যত বড় হোক, আর বক্স অফিসে তা যতই কম্পন সৃষ্টি করুক না কেন, চলচ্চিত্রশিল্পে বিতর্ক থেকে রেহাই নেই। বরং বলতে গেলে আলোচিত ছবি নিয়েই বিতর্ক হয় বেশি। ‘বাহুবলী’ ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম সফল ছবি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এর পরিচালক এস এস রাজমৌলির একটি কথায় ভীষণ কষ্ট পেয়েছেন অভিনেত্রী শ্রীদেবী। শ্রীদেবীর সঙ্গে ‘বাহুবলী’ ছবির যোগসূত্রটি আরেকবার মনে করিয়ে দেয়। এই ছবিতে নায়ক প্রভাসের মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল তাঁর। কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রাজমৌলি বলেছিলেন, ‘আমাদের সৌভাগ্য যে শ্রীদেবী এই ছবিতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।’ 

এমনকি রাজমৌলি খবর চাউর করেছিলেন যে ‘বাহুবলী’তে অভিনয়ের জন্য নাকি শ্রীদেবী ১০ কোটি রুপি, হায়দরাবাদ থেকে মুম্বাই আসা-যাওয়া করার জন্য বিমানের ১০টি বিজনেস ক্লাস টিকিট ও পাঁচ তারকা হোটেলের পুরো একটি ফ্লোর বরাদ্দ রাখতে বলেছিলেন। এই ‘চাঁদনি’ অভিনেত্রীর চাহিদা পূরণ করতে না পারার কারণেই নাকি তাঁকে বাদ দিয়ে শিভাগামির চরিত্রে দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শিভাগামিকে নেওয়া হয়েছে। রাজমৌলির এমন বক্তব্যে ভীষণ কষ্ট পেয়েছিলেন শ্রীদেবী। তিনি বলেন, ‘চলচ্চিত্রশিল্পে আমি ৫০ বছর ধরে তিন শতাধিক ছবিতে কাজ করেছি। আপনাদের কি মনে হয়, এ ধরনের চাহিদা থাকলে আমি এত দিন এখানে কাজ করতে পারতাম?’ আমি তাঁর (এস এস রাজমৌলির) কাজ দেখেছি। তিনি অবশ্যই একজন ভালো পরিচালক, কিন্তু তাঁর কথা বলার ধরন আমাকে আঘাত করেছে।’
শ্রীদেবীর এ বক্তব্যের পর যেন টনক নড়েছে রাজমৌলির। সম্প্রতি তিনি তাঁর সেই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এস এস রাজমৌলির ভাষ্য, ‘মানুষ আমার কথা বিশ্বাস করবে, নাকি শ্রীদেবীর—এটা এখন তাঁদের সিদ্ধান্ত। তবে কথাগুলো জনসমক্ষে বলে আমি আসলেই ভুল করেছি। এর জন্য আমি অনুতপ্ত।’
পরে শ্রীদেবীর নতুন ছবি ‘মম’-এর জন্য তাঁকে শুভকামনাও জানান রাজমৌলি। রাজমৌলি বলেন, ‘মুম্বাইয়ে অনেক বছর ধরে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রশিল্পের প্রতিনিধিত্ব করার জন্য শ্রীদেবীকে আমি শ্রদ্ধা করি।’ বনি কাপুর প্রযোজিত ‘মম’ মুক্তি পেয়েছে শুক্রবার। ইন্ডিয়া টাইমস।