
সবার জীবনেই থাকে ভুল। কিছু ভুল আছে যেগুলো বড়ই মধুর। তারকারা লিখেছেন তাঁদের জীবনের মধুর ভুল নিয়ে
আমাদের পাড়া মুগদাপাড়া, ড্রেনের ধার ঘেঁষে খৌরকার কারও বাউন্ডারি দেয়ালে আয়না টানিয়ে উল্টোদিকে চেয়ারে লোক বসিয়ে চুল কাটে, দাঁড়ি ছাঁটে; শৈশবের অবাক বিস্ময় কেটে যায় হঠাৎ ডান কানে কারও জোরালো স্পর্শে; চাচা ওই ভাবেই বাসায় ফিরিয়ে আনেন আমাকে৷ স্কুলে যাওয়ার সময় ততক্ষণে শেষ। ফলে বাসায় এই ধারণা স্থায়ী হলো যে আমার গন্তব্য খৌরকার বৃত্তি। এভাবে অনেকবার কান ধরা, কান টানা নিত্য শাস্তি হিসেবে প্রাপ্য ছিল শৈশবের নানা ভুলের জন্য।
কমলাপুর রেলস্টেশন তখন এতটা সুরক্ষিত নয়। এর রেললাইনের বাঁকে বাঁকে ভরা থাকত নানান রঙের পাথর। সেখান থেকে নিজের অধিকারে স্ফটিকগুলো পকেটে ভরতে পারার আনন্দ অসীম! এই রেলস্টেশনটি সব সময় আমার ভাবনার জগতে অনবদ্য, সেই ছেলেবেলা থেকে। স্কুলে যাওয়া-আসার মাঝখানে স্টেশন—এখানে নিয়ত ঘটনা ঘটে চলেছে হরেক রকম মানুষের জঞ্জালে। অন্ধ এক বৃদ্ধ কেমন যেন আমাকে বশ করে ফেলে—দিনে সে যাও আবছা দেখে, রাতের জগৎ তাঁর নিকষ কালো। বৃদ্ধ তাঁর অন্ধ চোখে আমাকে জানায়, বিশ্ব পরিব্রাজনের আহ্বান। তাঁর বর্ণনায় আমি দেখে ফেলি তাজমহল, খাইবার, আজিমর, কাবুল আর কলকাতা শহর। সারা দিন অবলীলায় তাঁর সঙ্গে স্কুল পোশাকে ঘুরি, সন্ধ্যার অন্ধকারে সে আমাকে তাঁর ভিক্ষার সঙ্গী হতে বলে; বিনিময়ে ভিক্ষুকের বেশে তাঁর মতো পরিব্রাজনে নিখিল বিশ্ব দেখা। সন্ধ্যার আন্ধারে আমি ভয় পাই, বাসায় ফিরি। রাত পোহাতেই নিশ্চিত হই, তাঁর সঙ্গেই যেতে হবে আমাকে—দে ছুট দে ছুট কমলাপুর। নেই সেই অন্ধ ভিক্ষুক, আর কোনো দিন নেই, আজও নেই।
স্কুলের গণ্ডি পার হওয়ার আগেই ঘর ভালো লাগে না। মন বলে, বন্ধু খোঁজো, শুধু বন্ধু খোঁজো। এই খোঁজায় মতিঝিল এজিবি কলোনি, গভর্নমেন্ট ল্যাব স্কুলের এখানে-সেখানের বন্ধুরা, আজিমপুর কলোনি, িমরপুর, গোড়ান, টিপু সুলতান রোড, উত্তরা সর্বত্র বন্ধুরা বাড়তে থাকে; আর আমায় নিয়ে আমার মা-বাবার স্বপ্ন সংকুচিত হতে হতে তলানিতে ঠেকে। তেমনি এক বন্ধু মাসুদের স্পর্শে, ব্যক্তিত্বের টানে মোহগ্রস্ত আমি একদিন আরণ্যক নাট্যদলের মহড়াকক্ষে উপস্থিত হই। একে তো তোঁতলা তার ওপর লেখালেখিই করব, এমন মনোবাঞ্ছা। সেই আমি কেমন করে একজন অভিনেতার অনুপস্থিতিতে একটি চরিত্রে অভিনয় করে ফেলি! তখন আমার ভেতরে ধারণা জন্মায়, একটি ভালো অভিনয়সফল একটি কবিতার মতো, উৎকৃষ্ট উপন্যাসের মতোই উজ্জ্বল৷ তোঁতলািম ভালো হয়ে যায় আমার। বারো বছরের মাথায় হঠাৎ আরণ্যকের সঙ্গে বিচ্ছেদ। বেদনার মহাসাগরে প্রাচ্যনাটের জন্ম আর আমার সংশ্লিষ্টতা। আমি আরণ্যকে নেই, এটা এখনো মস্তিষ্কে এক খরা; আবার প্রাচ্যনাটও বাস্তব—স্বপ্ন-ঘেরা।
এরই মধ্যে টিভিতে অভিষেক মামুনুর রশীদের হাত ধরে, এক বছর যেতে না যেতেই মনে হলো, ধুর এটা আমার জায়গা না...কিন্তু আবার ফেরত আসা অর্থের প্রয়োজনে। টিভিতে নিজের খুশি, রুচির মধ্যেই থাকার চেষ্টা করেছি। যাকে নোংরা দুর্গন্ধ মনে হয়েছে সজোরে পরিত্যাগ করেছি তাকে, নিন্দার ঝড় তুলেছি, কারও ধার ধারিনি, কেউ না পুছলেও আহাজারি করিনি। তাতে কিছু সমস্যা হলো, কেউ কেউ আমার চোখের বিষ, আমি কারও কাছে অচ্ছুৎ। এসব কিছু ভুল হলে ভুল। তবে এ ভুলগুলো আমার নিজের ভীষণ আহ্লাদের।
ব্যক্তিগত জীবনের বন্ধুতা, সম্পর্ক—এসব কখনো বিস্ফোরিত হয়েছে, কখনো ক্লেদাক্ত করেছে, বোকা বানিয়েছে কখনো, আবার রক্তাক্তও করেছে। তবে এসব ভুল না দরকারি দাওয়াই, জানা নেই।
পরিসরটি অল্প—কিছুই বলা গেল না....