
সবার জীবনেই থাকে ভুল। তবু কিছু ভুল আছে যেগুলো বড়ই মধুর। তারকারা লিখেছেন তাঁদের জীবনের মধুর ভুল নিয়ে
ভুলকে কখনো তোয়াক্কা করি না আমি। আমার জীবন একাধিক ভুলে ভরা। তবে আমার ভুলগুলোর প্রায় সবই মধুর হয়ে সুবাতাস ছড়িয়েছে। বিজ্ঞানের ছাত্র হওয়াটা ছিল আমার একটা বড় ভুল। সব সময় ইচ্ছা ছিল সাহিত্যের ছাত্র হব, লেখালেখি করে কীর্তিমান হব। বিজ্ঞানের ওপর রাগবশত বেশি করে কবিতা পড়তে লাগলাম; উপন্যাস ও ছোটগল্পও বাদ গেল না। বেশি বেশি করে চিত্রশিল্প দেখতে লাগলাম, গান শুনতে লাগলাম, নৃত্যকলা দর্শনে নিয়োজিত হলাম। বাদ পড়ল না সিনেমা-নাটক-যাত্রা দেখাও। ফলে আমি আজ বিজ্ঞানী স্টিফেন হকিং, নিউটন, আইনস্টাইনকে যেমন কিছুটা হলেও বুঝি, তেমনি রবীন্দ্রনাথ, তলস্তয়, জেমস জয়েস, স্যামুয়েল বেকেট, জীবনানন্দ দাশ, মাওলানা রুমি, ওমর খৈয়াম, সৈয়দ ওয়ালীউল্লাহ ও সৈয়দ শামসুল হকের লেখাও আন্দোলিত করে আমাকে।
দেশ-বিদেশের চলচ্চিত্র দেখায় আমার কোনো ক্লান্তি নেই। সত্যজিৎ রায় আমার যেমন প্রিয়, তেমনি আকিরা কুরুসাওয়া, গদার, রেনোয়াঁ থেকে নিয়ে হলিউড, বলিউড এমনকি ইরানের ছায়াছবিও আমার পছন্দের। ভ্রমণ, পড়াশোনা, ছবি দেখা, খেলাধুলা, জানা-অজানা সকল মানুষের সঙ্গ আমার জন্য খুব আনন্দের। আমার জীবনের আরও দুটো ভুল আমার পক্ষে আশীর্বাদ হয়ে বিকশিত হয়েছে। গান গাইতে চেষ্টা করেছিলাম। ভেঁ-ভেঁ কণ্ঠের জন্য সে চেষ্টায় ইস্তফা দিতে হলো। শ্রোতা হলাম। তাতে বেশি লাভবান হয়েছি। ছবি আঁকার চেষ্টা করলাম। তুলি ভালোভাবে ধরতে পারলাম না, ফলে নাটকেই আমার কলকে জুটল। আজ আমি একজন নাট্যনির্দেশক, অভিনেতা এবং কিছুটা লেখক হিসেবে পরিচিতি পেয়েছি। আমি নিজেকে এ জন্য সৌভাগ্যবান মনে করি।
১৯৬৯ সাল। আমি তখন একটি সুইজারল্যান্ডের পরিদর্শন কোম্পানির ঢাকার ম্যানেজার। কোম্পানিটা বিশ্বের সবচেয়ে বড় পরিদর্শন কোম্পানি। আমি বিদেশে বদলি হয়ে একটি ভালো দেশে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। আমার মন টানল না। বাবাকে বললাম, আমি দরিদ্র থাকব, তবু সুখী হব। এ জীবনে আর চাকরি করব না। বাবা-মায়ের মন খারাপ হলো না। পঞ্চপাণ্ডবের বড় ভাই যুধিষ্ঠিরের পিতার সেই কথা মনে পড়ল; নিজ দেশে না থাকলে কেউ সুখী হতে পারে না। কথাটা আমি গভীরভাবে বিশ্বাস করি। আমার দেশ আমার নিজের মায়ের চেয়েও প্রিয়। দেশের মানুষকেও আমি ভালোবাসি। এই দেশেই আমি জন্মেছি, এখানেই আমি মরব। এর চেয়ে আনন্দের আর সৌভাগ্যের কী হতে পারে! এভাবে ব্যক্তিজীবনের আরও অনেক ভুল আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। যাঁকে আমি বিয়ে করেছি, তাঁকেও হঠাৎ করেই বিয়ে করেছি। আমি ঠকিনি।