ভুয়া পুলিশ অফিসার
পুলিশের পোশাক পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছে আজিজ দফাদার নামের এক লোক। গ্রামে সবাই তাঁকে পুলিশ অফিসার হিসেবে মান্য করতে থাকে। তারা জানতে পারে যে স্বয়ং প্রধানমন্ত্রী আজিজকে পুলিশে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। এ চাকরির সুবাদে আজিজ দফাদার গ্রামে কিছু উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করেন। সংগঠিত করতে থাকেন গ্রামের যুবসমাজকে। তাদেরকে নিয়ে আজিজ সামাজিক উন্নয়নের মিশনও শুরু হয়। একসময় সত্যটা জানাজানি হয়ে যায়। প্রমাণিত হয় যে আজিজ আসলে পুলিশ কর্মকর্তা নয়। থানার পুলিশ চাঁদাবাজির অভিযোগে আজিজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। আজিজ সবার কাছে ভুয়া পুলিশ অফিসার বলে প্রমাণিত হন। তো এই ভুয়া অফিসারটি আর কেউ নয়, ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।রেজানুর রহমানের রচনা ও পরিচালনায় আজিজ দফাদার নামের একটি নাটকে নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।নাটকটি সম্পর্কে তিনি বলেন, ‘নাটকটিতে আসলে খুব সহজ ও স্বাভাবিকভাবে একটি সাধারণ বিষয়কে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে একজন মানুষের স্বপ্নের বিষয়কে সুন্দরভাবে উপস্থাপনের পাশাপাশি স্বপ্ন ভঙ্গের বিষয়টাকেও দেখানো হয়েছে। এতে একটা শিক্ষণীয় বিষয়ও আছে বলে আমি মনে করছি।’আজিজ দফাদার নাটকে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করেছেন সুমনা সোমা, মাহবুবা রেজানুর ও কাফী বীরসহ অনেকে। নাটকটি ঈদের আগের দিন চ্যানেল আইতে প্রচারিত হবে।