ভুয়া পুলিশ কর্মকর্তা!
পুলিশের পোশাক পরে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন আজিজ দফাদার নামের একজন। গ্রামের সবাই তাঁকে একজন পুলিশ কর্মকর্তা হিসেবে সম্মান করে। প্রধানমন্ত্রী নিজেই নাকি তাঁকে পুলিশে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আজিজ দফাদার গ্রামের কিছু উন্নয়নমূলক কাজে সংশ্লিষ্ট হন। গ্রামের যুবসমাজকে সংগঠিত করেন। একসময় সবকিছু ফাঁস হয়ে যায়। জানা যায়, আজিজ দফাদার বাস্তবে কোনো পুলিশ কর্মকর্তা নন। পুলিশ আজিজ দফাদারকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি একটি নাটকের। আর এই ভুয়া পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন রেজানুর রহমান। বাবু বললেন, ‘আজিজ দফাদার নাটকের মধ্যে খুব সহজ এবং স্বাভাবিকভাবে একটি সাধারণ বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে যেমন একজন মানুষের স্বপ্নকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, তেমনি স্বপ্নভঙ্গের বিষয়টাও তুলে ধরা হয়েছে। নাটকটি থেকে শিক্ষণীয় কিছু ব্যাপার আছে।’