ভূপেন হাজারিকার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৮ সেপ্টেম্বর ছিল শিল্পী ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী এবং গতকাল ছিল পঞ্চম প্রয়াণবার্ষিকী। বাংলা ও হিন্দি ভাষায় গান গেয়ে ভারত এবং বাংলাদেশে জনপ্রিয় এই বরেণ্য শিল্পীর স্মরণে অনুষ্ঠিত হলো সংগীত অনুষ্ঠান। গতকাল সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই সংগীতসন্ধ্যা হয়। ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সংগীতসন্ধ্যায় গান শোনান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। এ ছাড়া এ আয়োজনে সংগীত পরিবেশন করেন ‘ভূপেন হাজারিকা’র ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে একাডেমি আয়োজিত ‘ভূপেন হাজারিকার গানের কর্মশালা’য় অংশগ্রহণকারীদের থেকে বাছাইকৃত ২৫ জন প্রশিক্ষণার্থী। এ ছাড়া দলীয় সংগীত পরিবেশন করে ঢাকা সাংস্কৃতিক দল। আয়োজনের শুরুতেই ভূপেন হাজারিকার গান শোনাতে আসেন লিয়াকত আলী। তিনি শোনান ‘আমি এক যাযাবর’, ‘মানুষ মানুষের জন্য’সহ বেশ কিছু গান। পরে সমবেত কণ্ঠে শিল্পীরা শোনান ‘আজ জীবন খুঁজে পাবি’, ‘ছুটে ছুটে আয়’ এবং ঢাকা সাংস্কৃতিক দলের সমবেত কণ্ঠে ‘দোলা হে দোলা’সহ বেশ কিছু গান।