ভূপেনকে নিয়ে দুই দিনের জয়ন্তী উৎসব শেষ হলো

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার সুবিশাল মিলনায়তনটি ছিল কানায় কানায় পূর্ণ। পরিবেশ বলছিল, আগত ব্যক্তিদের সবাই শুনতে এসেছিলেন ভূপেন হাজারিকার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলো। পশ্চিম বাংলা থেকে আসা শিল্পীরা তৈরি ছিলেন। কিন্তু গানের আগে বক্তৃতা শুনে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে।
অবশ্য অতিথিদের বক্তৃতা দর্শকের ধৈর্যের ব্যাঘাত ঘটায়নি মোটেও। কেননা ভূপেন হাজারিকার ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ভূপেন হাজারিকা ৯০তম জয়ন্তী’ শিরোনামে দুই দিনব্যাপী উৎসবের শেষ দিনে এসে ভূপেন হাজারিকার নানা কীর্তিবন্দনার অনেক নতুন নতুন তথ্য জেনেছেন, যা হয়তো অনেকেরই জানা ছিল না। কথায় কথায় আবারও উচ্চারিত হলো ভূপেন হাজারিকার কথা আর গানের মূলমন্ত্র ‘ভালোবাসা, ‘মানবতা’ এবং গণমানুষের জয়গান। কথা শেষে ভূপেনের গানে গানে মেতে ওঠেন দর্শক।
বৃহস্পতিবার সন্ধ্যায় সেই আয়োজনে সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। মূলত স্মৃতিচারণা করেন। নয়াদিল্লিতে থাকার সময়ের স্মৃতিচারণা করে তিনি বলেন, ‘কিংবদন্তি এই শিল্পী এসেছিলেন আমার বাসায়। হারমোনিয়াম হাতে তিনি আমাদের ওই ঘরোয়া আসরে বেশ কয়েকটি গান শুনিয়েছিলেন। আমার জীবনের উল্লেখযোগ্য সে স্মৃতি কখনো ভোলার নয়।’
বাংলার মুক্তিসংগ্রাম, অসাম্প্রদায়িক আর অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠা কোটি বাঙালির অন্তরে ভূপেন হাজারিকার গান সব সময় অনুরণিত হয় বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে ভূপেন হাজারিকার ‘জয় জয় নবজাত বাংলাদেশ, জয় জয় মুক্তিবাহিনী’ গানটির মাহাত্ম্য তুলে ধরে তাঁকে বাংলাদেশের ‘পরম বন্ধু’ হিসেবে অভিহিত করেন তিনি। আসামের সাংবাদিক ও সংস্কৃতিকর্মী অজিত ভূঁইয়া বলেন, ‘ভূপেন হাজারিকা তাঁর কালে হয়ে উঠেছিলেন সাম্যবাদের প্রবক্তা।’
পশ্চিমবঙ্গের ফোক ঘরানার ব্যান্ডদল দোহারের প্রধান কালিকা প্রসাদ ভূপেন হাজারিকাকে উত্তর-পূর্ব ভারতের ‘সবচেয়ে বড় দূত’ হিসেবে অভিহিত করে বলেন, ‘তিনি এখনো আসামের মানুষের কাছে ভগবান।’ ‘তিনি যখন রাজনীতিতে পদার্পণ করলেন, ভোটে দাঁড়ালেন, তাঁর প্রতিপক্ষ তখন মন্তব্য করেছিলেন, ‘মানুষ ভুল করতে পারে, কিন্তু ভগবান তো ভুল করতে পারেন না। ভূপেন হাজারিকা তো ভোটে দাঁড়িয়ে ভুল করতে পারেন না।’
নানা স্মৃতিচারণায় কালিকাপ্রসাদ বলেন, ‘৫০-৬০ দশকের তিনি বাংলা গানে একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। আস্থাহীনতার বিপরীতে তিনি আস্থার গান গেয়েছেন। আধুনিক গানে তিনি মানুষের কথা বলেছেন, জীবনের কথা বলেছেন।’
এর আগে ভূপেন হাজারিকা ট্রাস্টের পক্ষ থেকে শিল্পী আসফ খানকে ‘ব্রহ্মপুত্র-মেঘনা সমন্বয় বটা’ সম্মাননা দেওয়া হয়। আসফ খান বলেন, ‘আমি এর আগে অনেক সম্মাননা গ্রহণ করিনি। কিন্তু আজকের এই পদকে ভূপেন হাজারিকার নামটি থাকায় আমি আর না করতে পারিনি।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ পঙ্কজ দেবনাথ ও জ্যেষ্ঠ সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল। সভাপতির বক্তব্য দেন অনুষ্ঠানের আয়োজক ফ্রেন্ডস অব বাংলাদেশের ঢাকা অংশের সভাপতি এ এস এম শামসুল আরেফিন। বক্তৃতা শেষে আয়োজনের অন্যতম উদ্যোক্তা হাসান আরিফের আহ্বানে আসামের ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্টের পক্ষ থেকে একটি উৎসব স্মরণিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

শেষ শুরু হয় গান। নড়েচড়ে বসেন দর্শক। শিল্পীরা শোনান ‘মানুষ মানুষের জন্য’, ‘দোলা হে দোলা’, ‘গান হোক বহু আস্থাহীনতার বিপরীতে এক গভীর আস্থার গান’, ‘জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয়’–এর পাশাপাশি হেমাঙ্গ বিশ্বাস ও ভূপেন হাজারিকার যৌথভাবে গাওয়া ‘হারাধন ও রঙমন’ পরিবেশন করা হয়। অহমিয়া ভাষার ‘বিহু’ গানও পরিবেশন করেন তাঁরা।
‘ত্রাস ভুলে দানবেরে করি নাশ’ শিরোনামে ‘ভূপেন হাজারিকা ৯০তম জয়ন্তী’ উৎসবটি যৌথভাবে আয়োজন করে ফ্রেন্ডস অব বাংলাদেশ, ভূপেন হাজারিকা কালচারাল ট্রাস্ট। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বুধবার সন্ধ্যায় এ উৎসবের উদ্বোধন করেন।