ভেঙে গেল সালমান-ইলুলিয়ার প্রেম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান-ইলুলিয়া
সালমান-ইলুলিয়া

রোমানীয় টিভি তারকা ইলুলিয়া ভেঞ্চুরের সঙ্গে ‘দাবাং’ তারকা সালমান খানের প্রেম ও বিয়ের খবর চাউর হওয়ার পর হইচই পড়ে গিয়েছিল বলিউডে। শুরুতে গোপন থাকলেও পরে জানা যায়, রোমানীয় সংগীতশিল্পী মরিয়াস মগাকে বিয়ে করেছিলেন ইলুলিয়া। এটা জানার পর সালমানকে ইলুলিয়ার সঙ্গ ত্যাগ করতে বলেন সালমানের বাবা-মা। সম্প্রতি এক খবরে ‘মিড-ডে’ জানিয়েছে, বাধ্য ছেলের মতো বাবা-মায়ের কথা শুনে ইলুলিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান।

সালমানের টানে গত মে মাসে সুদূর রোমানিয়া থেকে ভারতে আসার পর সালমান তাঁর নিজের অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু এর মধ্যেই ব্যাগ গুছিয়ে ভারত থেকে রোমানিয়া চলে গেছেন ইলুলিয়া।

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, মরিয়াসের সঙ্গে ইলুলিয়ার বিয়ের খবর ফাঁস হওয়ার পরও তিনি তা অস্বীকার করেন। তখন খান পরিবারের সদস্যরা ইলুলিয়ার অতীত জীবনের নানা তথ্য খুঁজে বের করেন। একপর্যায়ে তাঁরা সালমানকে ইলুলিয়ার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেন। গত কয়েক মাস ইলুলিয়ার সঙ্গে অনেক সময় কাটালেও, এবার ঈদে একাকী সময় কাটিয়েছেন সালমান। উত্সবের দিনটিতে কাছের বন্ধু বাবা সিদ্দিকের সঙ্গে একটি রেস্তরাঁয় সময় কাটান তিনি। পরে একটি ক্লাবেও যান তাঁরা।

মজার বিষয় হলো, সালমানের সঙ্গে ইলুলিয়ার প্রথম পরিচয় করিয়ে দিয়েছিলেন মরিয়াস। ২০১১ সালে মুক্তি পাওয়া ‘বডিগার্ড’ ছবির শুটিং করতে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে গিয়েছিলেন সালমান। সেখানেই প্রেমিকা ইলুলিয়ার সঙ্গে সালমানের পরিচয় করিয়ে দেন মরিয়াস। ২০১১ সালে ভারত সফরেও গিয়েছিলেন মরিয়াস ও ইলুলিয়া। কিন্তু এ বছর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।
বিচ্ছেদের পর মানসিকভাবে ভেঙে পড়েন ইলুলিয়া। বিষণ্নতা ভর করে তাঁর ওপর। রোমানিয়ার কয়েকটি পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, জীবনের অন্যতম কঠিন সময় পার করছেন ইলুলিয়া। এমনকি এ অবস্থা থেকে মুক্তি পেতে মনোচিকিত্সকেরও দ্বারস্থ হতে হয়েছে তাঁকে।
নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে গত মে মাসে রোমানিয়া থেকে ভারতে সালমানের কাছে চলে আসেন ইলুলিয়া। সালমানও তাঁর প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই জুটির সখ্যের খবর প্রথম শোনা যায় মে মাসের শুরুর দিকে। এমনকি তাঁরা বিয়ে করতে যাচ্ছেন বলেও খবর চাউর হলে হইচই পড়ে যায় চারদিকে।
ইলুলিয়া প্রসঙ্গে সালমান মুখ না খুললেও তাঁর সঙ্গ যে ইলুলিয়া দারুণ উপভোগ করছেন, তার প্রমাণ পাওয়া যায় মে মাসের শেষের দিকে। তখন বেতনের চার হাজার ইউরোর মায়া ত্যাগ করে দুই মাসের অবৈতনিক ছুটি চেয়ে রোমানিয়ার প্রো টিভি চ্যানেল বরাবর দরখাস্ত পাঠিয়েছিলেন ইলুলিয়া। তাঁকে টিভি তারকা হিসেবে ভারতে প্রতিষ্ঠিত করবেন বলেও কথা দেন সালমান।
গোয়ায় ‘মেন্টাল’ ছবির শুটিংয়ের সময় সালমানকে সঙ্গ দেন স্বর্ণকেশী ইলুলিয়া। সেখানে অনেকটা সময় তাঁরা একসঙ্গে কাটান। এ ছাড়া একই ছবির শুটিংয়ের কাজে হায়দরাবাদ শহরেও তাঁর সঙ্গে ছিলেন ইলুলিয়া। বিমান থেকে নেমে শুরুতে তাঁরা একসঙ্গেই হাঁটছিলেন। কিন্তু কিছুক্ষণ পর আলোকচিত্রীরা তাঁদের ছবি তোলার চেষ্টা করলে বিমানবন্দর থেকে আলাদাভাবে বের হওয়ার সিদ্ধান্ত নেন সালমান। তিনি তাঁর জন্য অপেক্ষমাণ বিলাসবহুল গাড়িতে করে ইলুলিয়াকে স্থানীয় একটি হোটেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। পরে ভাড়া করা ট্যাক্সি নিয়ে বিমানবন্দর ত্যাগ করেন সালমান।
ঘটনার এখানেই শেষ নয়। বান্দ্রার কার্টার রোডের একটি অ্যাপার্টমেন্টে ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেন সালমান। মুম্বাইয়ের গ্যালাক্সি হাইটস অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে বসবাস করতেন সালমান। অ্যাপার্টমেন্টটির সংস্কারকাজ শুরু হওয়ার পর বান্দ্রার কার্টার রোডের অ্যাপার্টমেন্টে মা-বাবার সঙ্গে থাকা শুরু করেন সালমান। ওই অ্যাপার্টমেন্টেই ইলুলিয়ার থাকার ব্যবস্থা করেন তিনি। এর আগে মুম্বাইয়ের খার এলাকায় এক বাড়িতে সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন সালমান।
সহ-অভিনেত্রীদের পাশাপাশি একাধিক বিদেশিনির সঙ্গে প্রেমের অভিজ্ঞতা আছে সালমানের। তাঁর বিদেশিনি প্রেমিকাদের মধ্যে ছিলেন মডেল ও অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ। ব্রুনার বাবা আরবের এবং মা ব্রাজিলের। আরও ছিলেন সোমি আলী। সোমির মা ইরাকি এবং বাবা পাকিস্তানি। সালমানের প্রেমিকার তালিকায় আরও ছিলেন জার্মান মডেল, অভিনেত্রী ও গায়িকা ক্লদিয়া সিজলা, ব্রিটিশ মডেল হ্যাজেল কিচ প্রমুখ। পরে সেই তালিকায় যুক্ত হয়েছিল ইলুলিয়ার নাম। তবে শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ পড়েছে ইলুলিয়ার নাম। সালমানের নতুন প্রেমিকা হিসেবে কে আবির্ভূত হন, সেটাই এখন দেখার বিষয়।