ভেঙে গেল সেই পাহাড়টি

পাহাড়টির নাম হয়তো অনেকে জানেন না, কিন্তু দেখেছেন। সিনেমা ও টিভি সিরিজে পাহাড়টির উপস্থিতি প্রায়ই দেখা যায়। মাল্টার গোজো দ্বীপের সেই পাহাড়টির আজহের জানালাটি ঝড়ে ভেঙে গেছে।
মাল্টার প্রধানমন্ত্রী জোজেফ মিসকা টুইট করে জানান, ‘এটা হৃদয়বিদারক। গত বুধবার গোজো দ্বীপের পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণটি ভেঙে গেছে। অবশ্য কেউ আহত হয়নি।’
পাহাড়টিতে মাঝে ছিল একটি তোরণের মতো আকৃতি, যা আজহের জানালা নামে পরিচিত। মার্কিন টিভি চ্যানেল এইচবিওর জনপ্রিয় ধারাবাহিক ‘গেম অব থ্রোনস’-এ পাহাড়টি ব্যবহার করা হয়েছিল। এ ছাড়া ১৯৮১ সালে তৈরি ‘ক্ল্যাশ অব টাইটান’ সিনেমাতেও পাহাড়টি ব্যবহৃত হয়।
কয়েক বছর ধরে পাহাড়টির জানালাটি ভেঙে পড়ার উপক্রম হতে থাকে। দুর্ঘটনা এড়াতে পাহাড়টির জানালা দিয়ে কেউ গেলে মাল্টা সরকার তাঁকে দুই হাজার তিন শ ইউএস ডলার জরিমানার আদেশ দেয়। এবার ঝড়ে তা গুঁড়িয়ে গেল। ইয়াহু