ভেঙে ফেলা হচ্ছে রাজ কাপুরের প্রিয় প্রেক্ষাগৃহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির ৮৪ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ ‘রিগাল’
দিল্লির ৮৪ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ ‘রিগাল’

সিনেমা হলটি ভেঙে ফেলা হচ্ছে কাল। ভাঙার আগে দেখানো হবে রাজ কাপুরের দুটি ছবি। মুক্তির পর ১৯৬৪ সালে সঙ্গম আর ১৯৭০ সালে মেরা নাম জোকার ছবি দুটি দেখানো হয়েছিল দিল্লির ৮৪ বছরের পুরোনো প্রেক্ষাগৃহ ‘রিগাল’-এ। 

নায়ক, পরিচালক ও প্রযোজক রাজ কাপুরের প্রিয় জায়গা রিগাল। সিনেমার সঙ্গীদের নিয়ে অনেক সময় কাটিয়েছিলেন সেখানে। নার্গিসের সঙ্গে আড্ডা দিয়েছেন। প্রায় নিয়মিত হাজির হতেন নিজের ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। আরকে ফিল্মসের ব্যানারে তাঁর অনেক ছবির উদ্বোধনী প্রদর্শনী হয়েছিল এই প্রেক্ষাগৃহে। হলটির অন্যতম মালিক বিশাল চৌধুরীর কাছে তাই এসেছে অনেক অনেক চিঠি—ভাঙার আগে শেষবারের মতো হলটিতে চালানো হোক রাজ কাপুরের ছবি। এখন সেখানে চলছে আনুশকা শর্মা অভিনীত ফিল্লোরি ছবিটি। কাল শেষ প্রদর্শনী হিসেবে সন্ধ্যা ৬টায় চালানো হবে মেরা নাম জোকার আর রাত ৯টায় সঙ্গম।

মেরা নাম জোকার ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে রিগাল-এর যাত্রা
মেরা নাম জোকার ছবির প্রদর্শনীর মধ্য দিয়ে শেষ হবে রিগাল-এর যাত্রা

১৯৩২ সালে এলাকার প্রথম প্রেক্ষাগৃহ হিসেবে রিগাল চালু করেন স্যার সোবাহ সিং। সেটা ভেঙে এখন একটি মাল্টিপ্লেক্স করার চেষ্টা চলছে। নতুন মাল্টিপ্লেক্স হলে সেখানে থাকবে চারটি অডিটরিয়াম। ঐতিহ্য ধরে রাখতে হলের সামনের দিকটা রেখে দেওয়া হবে। ভেতরের নকশায় আসবে পরিবর্তন। আসন, সিঁড়ি, টয়লেট ও ক্যানটিন উন্নত করা হবে। করিডর ও সিঁড়িতে সার বেঁধে সাজিয়ে রাখা হবে অভিনয়শিল্পী দেব আনন্দ, মীনা কুমারী, নার্গিস ও রাজ কাপুরের সাদা-কালো ছবি। 

প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক রূপ ঘাই জানিয়েছেন, ছবি শুরুর আগে রীতি মেনে হলটি সাজানো হতো। করা হতো প্রার্থনা। তাতে অন্তত সপ্তাহখানেক হাউসফুল হতো। বিশাল চৌধুরী জানান, ভাঙার পর যে মাল্টিপ্লেক্স হচ্ছে, সেটা মোটামুটি নিশ্চিত। ঐতিহ্যবাহী এই জায়গায় নতুন ভবন করার জন্য অগ্নি ও প্রত্নতত্ত্ব বিভাগের অনাপত্তিপত্র নেওয়া হয়েছে। নকশার অনুমোদন দিয়েছে দিল্লির আরবান আর্টস কমিশন। এসব পেতেই লেগে গেছে বছরখানেক সময়। কাজ শেষ করতে আরও সময় লাগবে।

অনেক আক্ষেপ নিয়ে বিশাল চৌধুরী বলেন, ‘অনেক দিন হলো হলটি থেকে কোনো আয় নেই। এক দশকের বেশি সময় ধরে এই মন্দা। গত মাসে বদ্রিনাথ কি দুলহানিয়া ছবিটি থেকেও তেমন আয় হয়নি। দুই বছর হলো হল চালাতে হিমশিম খাচ্ছি। টিকিট বিক্রির যে আয়, সেটার অর্ধেক চলে যায় পরিবেশকদের পকেটে। একটি ছবি চালাতেই লেগে যায় প্রায় দুই লাখ রুপি।’

রিগালের দ্বিতীয় ও তৃতীয় তলা ১৯৯৬ সালে কিনে নেয় মাদাম তুসো জাদুঘর। সেখানে চালু হবে জাদুঘরটির ২২তম শাখা। মাল্টিপ্লেক্স হলে সেটা হবে নিচতলায়। হিন্দুস্তান টাইমস।