ভেঙেই গেল হূতিকের ঘর!

চার বছরের প্রেম, ১৩ বছরের দাম্পত্য জীবন। দীর্ঘ প্রায় দেড় যুগের সম্পর্ক। সেটাই শেষ পর্যন্ত ভেঙে গেল। হূতিক রোশনের জীবন থেকে মুছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সুজান। বেশ কিছুদিন ধরে চলে আসা কানাঘুষাই শেষ পর্যন্ত সত্যি হলো। বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন হূতিক নিজেই।
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানরত হূতিক এক বিবৃতিতে বলেছেন, ‘সুজান আমার এবং আমাদের ১৭ বছরের সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরো পরিবারের জন্য এ বড় কঠিন সময়। সংবাদমাধ্যম এবং সাধারণ মানুষকে অনুরোধ করছি, এই সময়টায় আমাদের নিজেদের মতো করে যেন থাকতে দেওয়া হয়।’
বিচ্ছেদের কারণটি এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, শ্বশুর-শাশুড়ির ওপর নাকি বিরক্ত হয়েই সিদ্ধান্তটি নিয়েছেন সুজান। আবার কেউ কেউ অর্জুন রামপালের সঙ্গে তাঁর ‘বেশ ভালো’ সম্পর্কের দিকেও ইঙ্গিত করছেন। এদিকে হূতিকের শ্বশুর সঞ্জয় খান বলেছেন, এখনো বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চূড়ান্ত নয়। এখনো আশা আছে সম্পর্কটা টিকিয়ে রাখার।
এই দম্পতির দুটো সন্তানও আছে—রিহান ও রিদান। ২০০০ সালে কহো না প্যায়ার হ্যায় মুক্তির বছরই সুজানকে বিয়ে করেছিলেন হূতিক। এই অভিনেতা বলেছেন, বিচ্ছেদ হয়ে গেলেও আজীবন তিনি সুজানকে ভালোবেসে যাবেন। টিএনএন, পিটিআই।