ভেতরে-বাইরে সরগরম এফডিসি

বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটা। এফডিসির মূল ফটকের সামনের রাস্তায় দাঁড়ানো একটি দ্বিতল বাস। সেটা ঘিরে জটলা। জটলার ফাঁক গলে নজরে এল একজন ক্যামেরা তাক করে আছেন বাসের দিকে। বাসের দোতলার জানালায় দেখা গেল অভিনেতা বাপ্পীকে। ক্যামেরার পাশেই বসে আছেন পরিচালক সাফি উদ্দিন। জানালেন, সকালে মহরত করেছেন মিসড কল ছবির। এখন চলছে এর দৃশ্য ধারণ।
প্রধান ফটক পেরিয়ে ভেতরে ঢুকতেই বোঝা গেল, এফডিসি বেশ সরগরম। ঈদের ছুটি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে সেখানে। ৩ ও ৪ নম্বর ফ্লোরে কাজ করছেন সেট নির্মাণের কর্মীরা। ১ নম্বর ফ্লোরে চলছে সংস্কারের কাজ। পরিচালক সমিতি ও শিল্পী সমিতির অফিস খুলেছে। কিন্তু ক্যানটিনে এখনো লেগে আছে ঈদের আমেজ, অর্থাৎ সেটি বন্ধ। বসেছে ভ্রাম্যমাণ চায়ের দোকান। সেখানে এফডিসিতে আসা লোকজনের ভিড় লেগে আছে।
শিল্পী সমিতির অফিসের পাশেই জসীম ফ্লোর। তবে এটা বোঝার উপায় নেই। নানা রঙের মরিচবাতি দিয়ে সাজানো হয়েছে এর সামনের অংশটি। ভেতরে আরেক এলাহি কাণ্ড। থরে থরে সাজানো টেবিল, চেয়ার, প্লেট, গ্লাস। পেছনে বিয়ের মঞ্চ। এটা তো বিয়েবাড়ি! বিয়ের মঞ্চের পাশেই দাঁড়িয়ে আছেন শাকিব খান, পরীমনি ও আলীরাজ। পরীমনির হাত ধরে শাকিব সংলাপ বলে যাচ্ছেন। পরিচালক হঠাৎ বললেন ‘কাট’। পুরো দৃশ্যটি বুঝিয়ে দিলেন আবার। ছবির নাম ধূমকেতু। পরিচালনা করছেন শফিক হাসান। ছবিটির কাজ প্রায় শেষ। আসছে ডিসেম্বরে মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ছবিটির।
এই দৃশ্যের ধারণ চলল বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর মিলল দুপুরের খাবারের বিরতি! পরীমনি বললেন, ‘শুটিংয়ে যে আমরা কত কষ্ট করি, এটা বাইরে থেকে বোঝা যায় না। এই যে দেখুন, এতক্ষণে দুপুরের খাবার খাচ্ছি!’ তিন দিন ধরেই নাকি এই ফ্লোরে শুটিং করছেন তিনি। অর্থাৎ পরীমনির কথাই বলে দিল এফডিসি ঈদের ছুটিতেও ঝিমিয়ে পড়েনি। যেন ঈদের ছুটি শেষ হওয়ার জন্যই অধীর হয়ে ছিল এফডিসির ফ্লোরগুলো। তাই তো ঈদের দুই দিন পর থেকে জমজমাট ঢাকার এই ছবি বানানোর কারখানাটি।