ভেনিস উৎসবে ‘৭২০ ডিগ্রি’
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৭২০ ডিগ্রি। ২৯ জুলাই ইতালির রোমে অনুষ্ঠিত উৎসবের এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপ্রাপ্ত ছবির তালিকা প্রকাশ করা হয়।পর্দায় নির্মিত বাস্তবতা আর মানবিক সম্পর্কের নানা কিছু নিয়ে ছবিটি পরিচালনা করেছেন ইশতিয়াক জিকো। পাঁচ মিনিট দৈর্ঘ্যের সংলাপহীন ছবিটি তৈরি করা হয়েছে ৩৫ মিমি প্রযুক্তিতে। ছবিটির আন্তর্জাতিক উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নেওয়ার জন্য ভেনিস উৎসবের কর্তৃপক্ষ পরিচালককে আমন্ত্রণ জানিয়েছে।ইশতিয়াক জিকো জানান, গত বছরের নভেম্বরে কক্সবাজারের হিমছড়িতে ছবিটির শুটিং করা হয়েছে। ভেনিস উৎসব ওয়েবসাইটের পরিসংখ্যান অনুযায়ী এবারের উৎসবের জন্য স্বল্প-মাঝারি-পূর্ণদৈর্ঘ্য মিলিয়ে ১০২টি দেশের চার হাজার ২৫১টি চলচ্চিত্র জমা পড়েছে। এর মধ্যে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ৩৫টি দেশের ৪৫টি পূর্ণদৈর্ঘ্য এবং ৩৭টি স্বল্পদৈর্ঘ্য ছবি। এবারের প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর সভাপতি থাকছেন মার্কিন চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো এবং ইরানের শিরিন নেশাত।৬৭তম এই ভেনিস উৎসব শুরু হবে ১ সেপ্টেম্বর। চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।