ভেনিস উৎসবের পর্দা উঠল
ইতালির পর্যটন নগর ভেনিসে গতকাল বুধবার থেকে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। এটি বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসব। তাই চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীদের কাছে এর কদর ও মর্যাদাই আলাদা। গতকাল ব্ল্যাক সোয়ান ছবি দিয়ে শুরু হয় উৎসব। ছবিতে এক ব্যালে নৃত্যশিল্পীর ভূমিকায় অভিনয় করেছেন নাটালি পোর্টম্যান। নগরে নতুন এক নর্তকীর আবির্ভাব নাটালির অবস্থানকে হুমকিতে ফেলে দেয়—ব্ল্যাক সোয়ান ছবির গল্পটা এ রকমই।এবারের উৎসবে জুরি বোর্ডের প্রধান কুয়েনটিন ট্যারেন্টিনো। আগামী ১১ সেপ্টেম্বর উৎসবের পর্দা নামবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্যারেন্টিনো বলেন, ‘সবাই এখানে ছুটি কাটাতে, আনন্দ, হই-হুল্লোড় করতে আসে। আমরা এসেছি বিচার করতে। আমার মতো হাতেগোনা কয়েকজন বিচারক আছেন। এত এত ভালো ছবি, নির্মাতা আর অভিনেতা-অভিনেত্রীদের ভিড়ে সবচেয়ে ভালোটা বের করে আনা শক্ত।’ ওয়েবসাইট।