ভেনিস চলচ্চিত্র উৎসব-২০১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল ২৯ আগষ্ট। শেষ হয় ৮ সেপ্টেম্বর। অনেক আলোচনা-সমালোচনার মধ্য দিয়ে কোরিয়ান চলচ্চিত্র নির্মাতা কিম-কি-দুকের পিয়েতা পেল শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ‘গোল্ডেন লায়ন’ পুরস্কার।কিম-কি-দুক ১৯৬০ সালের ২০ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার কিয়ং স্যাং অঞ্চলের বোংঘাতে জন্ম নেন। তিনি ১৯৯০ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্যারিসে চারুকলার ওপর পড়াশোনা করেন। এরপর তিনি দক্ষিণ কোরিয়ায় ফিরে গিয়ে চিত্রনাট্যকার হিসেবে পেশাদার জীবন শুরু করেন। ১৯৯৫ সালে কোরিয়ান ফিল্ম কাউন্সিল আয়োজিত একটি প্রতিযোগিতায় শ্রেষ্ঠ দৃশ্যায়নের ওপর প্রথম পুরস্কার পান। ১৯৯৬ সালে কিম-কি-দুক তাঁর প্রথম চলচ্চিত্র ক্রোকোডাইল নির্মাণ করেন। ক্রোকোডাইল একটি স্বল্প ব্যয়ের চলচ্চিত্র হওয়া সত্ত্বেও তখন দক্ষিণ কোরিয়ায় ইতিবাচকভাবেই সমালোচিত হয়। তিনি ২০০৪ সালে দুটো চলচ্চিত্রের জন্য পুরস্কার পান। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হন সামারিটান গার্ল ও ভেনিস চলচ্চিত্র উৎসবে থ্রি-আয়রন-এর জন্য। এ বছর ৬৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব ২০১২-এর সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়ন জয়লাভ করার ফলে কিম-কি দুকের পিয়েতাই কোরিয়ার প্রথম চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেল, যা কোনো চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার। ভেনিস ছাড়াও কান ও বার্লিন চলচ্চিত্র উৎসবেও শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে পিয়েতা ।