ভেনিস উৎসবে সেরা পরিচালক কানচালোভস্কী

সদ্য শেষ হওয়া বিশ্বের অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন রাশিয়ার আন্দ্রেই কানচালোভস্কি। ৭৭ বছর বয়সী খ্যাতিমান এই রুশ পরিচালকের নির্মিত দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস ছবিটির জন্য তাঁকে এই সম্মানে ভূষিত করেন ৭১তম আসরের জুরিরা। রাশিয়ার পূর্বাঞ্চলীয় আরখানগেলস্কের প্রত্যন্ত এক গ্রামের ডাকপিয়নের মানবিক অনুভূতির গল্প নিয়ে চলতি বছরে নির্মিত হয় দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস।
শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রাশিয়ার দুর্গম জনপদের মানুষেরা যেন বসবাস করছেন ভিন্ন এক রাষ্ট্রে। এমন সব জায়গার বাসিন্দাদের এক অর্থে নিজের ওপরই বেশি নির্ভরশীল থাকতে হয়। প্রায়ই ওই অঞ্চলে রাষ্ট্রের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকেন একজন ডাকপিয়ন। আর এই ডাকপিয়নই প্রত্যন্ত গ্রাম আর নগর সভ্যতার মধ্যে যোগসূত্র ধরে রাখেন। এমন এক ডাকপিয়নের দৈনন্দিন জীবনকাহিনি রুপালি পর্দায় তুলে ধরেছেন ৭৭ বছর বয়সী খ্যাতিমান রুশ পরিচালক আন্দ্রেই কানচালোভস্কি। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে এমন পেশার কথা চিন্তা করেই ডাকপিয়নকে বেছে নেন পরিচালক।
ছবির প্রধান চরিত্রে ডাকপিয়নের ভূমিকায় অভিনয় করেছেন আলেক্সেই। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা এবং পেশায় ডাকপিয়ন। তবে আলেক্সেইসহ অন্য যাঁরা ছবিটিতে অভিনয় করেছেন তাঁরা কেউই পেশাদার শিল্পী নন।

সেরা পরিচালকের পুরস্কার পাওয়ার পর সাংবাদিকদের আন্দ্রেই কানচালোভস্কি জানান, ছবিটি নির্মাণের আগে তিনি আরখানগেলস্কের এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেরিয়েছেন। ওই অঞ্চলের মানুষের প্রতিদিনের জীবনযাত্রা খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছেন। মূল চরিত্রের মানুষটিকে খুঁজে পেতে সময় লেগেছে এক বছর।
এ পর্যন্ত মোট ২৭টি ছবি নির্মাণ করেছেন আন্দ্রেই কানচালোভস্কি। তাঁর অধিকাংশ ছবিই জনপ্রিয়তা পেয়েছে। নদী তীরবর্তী রাশিয়ার গ্রামীণ জনপদের বাসিন্দাদের জীবনযাপনের বাস্তব কাহিনি অবলম্বনে নির্মিত দ্য পোস্টম্যানস হোয়াইট নাইটস কবে রাশিয়ার সিনেমা হলগুলোতে মুক্তি পাবে সে সম্পর্কে নিশ্চিত করে জানাতে পারেননি ছবির পরিচালক।
জামিল খান
মস্কো, রাশিয়া