একদিকে মধ্যবয়সী এক নারী। হূদয়ে যাঁর ভালোবাসার উথাল ঢেউ। অন্যদিকে পাথর হূদয়ের এক তরুণ। যে তরুণের পেশা হুমকি-ধমকি দিয়ে ঋণের টাকা আদায় করা। চড়া সুদে তাঁর মালিক ঋণ দেন অভাবী মানুষকে। সে টাকাই যেকোনো উপায়ে আদায় করাই কাজ কাং-দোর। যুবকের কোনো মা নেই, বাবা নেই। ভাইবোন, আত্মীয় নেই। ভালোবাসা শব্দটার সঙ্গে কেউ তাঁকে পরিচয় করিয়ে দেয়নি। একদিন সেই যুবকের সামনে এসে দাঁড়ালেন সেই মাঝবয়সী নারী। ভালোবাসার আঁচলে বেঁধে ফেলতে চাইলেন তাঁকে। জানালেন, এই যুবকের মা তিনিই।দুটো ভিন্ন জগতের, ভিন্ন মানসিকতার মানুষের অদ্ভুত সম্পর্কের গল্প নিয়ে ছবি পিয়েতা। দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা পরিচালক কিম কি-দুকের ১৮ নম্বর চলচ্চিত্র। আর এই চলচ্চিত্রটাই এবার ভেনিস চলচ্চিত্র উৎসবে জিতে নিল সেরা ছবির পুরস্কার। ১৩ সেপ্টেম্বরের আনন্দ পাতায় কিম কি-দুককে নিয়ে লেখা হয়েছিল। এবার তাঁর সম্পর্কে বিশদভাবে জানানো হচ্ছে।ভেনিসে এর আগেও পুরস্কার জিতেছিলেন কিম। ২০০৪ সালে থ্রি-আয়রন তাঁকে এনে দিয়েছিল সেরা পরিচালকের পুরস্কার। কিন্তু এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনো চলচ্চিত্র বিশ্বের শীর্ষ তিন চলচ্চিত্র উৎসবের (কান, ভেনিস ও বার্লিন) একটিতে সেরা ছবির পুরস্কার জিতল।১৯৯৬ সালে ক্রোকোডাইল দিয়ে ক্যারিয়ার শুরুর পর সবার নজর কেড়ে নিয়েছিলেন। তাঁর চলচ্চিত্র মানেই জীবনের দগদগ ক্ষতটা চোখে আঙুল তুলে দেখিয়ে দেওয়া। সুখস্বপ্নের আলকাতরায় মোড়ানো যে জীবন আসলে আমাদের প্রত্যেকেরই। সিউলের এক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করা, এরপর কোরীয় সামরিক বাহিনীর সেনাকর্মকর্তা, পথশিল্পী থেকে ধর্মপ্রচারক হিসেবে প্রশিক্ষণ নেওয়া—বৈচিত্র্যপূর্ণ একটা জীবনই কাটিয়েছেন কিম। কিন্তু কখনো চলচ্চিত্রে প্রশিক্ষণ নেওয়া হয়নি। অথচ সেই তিনিই এখন চলচ্চিত্রের নতুন এক ধারার প্রতিষ্ঠাতা।পিয়েতায়ও উঠে এসেছে সেই মানবিক করুণ আখ্যান। ‘পিয়েতায় আমার দর্শন প্রতিফলিত। আমি এ রকম আরও অনেক আকর্ষণীয় ও অর্থবহ ছবি বানাব’—ভেনিস জেতার পর বলেছেন ৫২ বছর বয়সী পরিচালক। বলেছেন, ‘মানুষ, তাদের জীবন, জীবনের মানে...আমি এসবের ওপরই সব সময় মনোযোগ দিয়েছি।‘পিয়েতায় উঠে এসেছে ধনতান্ত্রিক সমাজের দানবীয় চেহারাও, চরম ধনতন্ত্র আমার ছবির মূল ভাষ্য। পিয়েতায় আমি সেই সব মানুষের গল্প বলতে চেয়েছি, টাকা যাদের জীবন ধ্বংস করেছে। এই ছবির দর্শকেরা ধনতান্ত্রিক সমাজকে প্রশ্নবিদ্ধ করবে। তাদের নিজেদেরও বদলাতে হবে। এভাবেই জন্ম নেবে একটা আন্দোলন।’ছবি বানানোটাকে নিজের পেশা নয়, কিম নেশা বলতেই ভালোবাসেন, ‘আমি আমার ছবি দিয়ে টাকা বানানোর ধান্দা করি না। পিয়েতা বানিয়েছি মাত্র এক লাখ ডলার দিয়ে। আমার লক্ষ্য, সময় থেকে সময়ে পৃথিবীর যে উত্তাপ, তা ধরে রাখা।’কিমের মাথায় আইডিয়া নাকি সব সময় কিলবিল করে। এরই মধ্যে ১৮টি ছবি বানিয়ে ফেলা তারই প্রমাণ। এ ছাড়া নিজের সাবেক সহকারীদের অকাতরে চিত্রনাট্যও বিলিয়েছেন। আরও দুটো ছবির গল্পও নাকি এরই মধ্যে চলে এসেছে তাঁর মাথায়। ধনবাদী সমাজ নিয়ে তাঁর সব বক্তব্য পিয়েতায় উঠে আসেনি। ফলে ‘টাকার জন্য মানুষ কীভাবে একে অন্যকে খেয়ে ফেলছে’—এই গল্প নিয়ে আরেকটা ছবি বানাবেন। ইচ্ছা আছে, তারকাদের আলো ঝলমলে জীবনের অন্তরালের গল্প নিয়ে ছবি বানানোরও।অবশ্য ভেনিসে তাঁর ‘স্বর্ণ সিংহ’ জয় প্রশ্নবিদ্ধও হয়েছে। হলিউড রিপোর্টার ভেতরের খবর ফাঁস করে দিয়ে জানিয়েছে, বিচারকদের প্রথম পছন্দ নাকি পিয়েতা ছিল না। তাঁরা বেছে নিয়েছিলেন মার্কিন পরিচালক পল টমাস অ্যান্ডারসনের দ্য মাস্টার। কিন্তু ভেনিসের নিয়ম হচ্ছে, একই ছবি দুটোর বেশি পুরস্কার জিততে পারবে না। আর দ্য মাস্টার জিতে নিয়েছিল সেরা পরিচালক ও অভিনেতার পুরস্কার। এ কারণে ‘দ্বিতীয় পছন্দ’ পিয়েতাকে দিতে হয়েছে গোল্ডেন লায়ন। তবে বিতর্ক আর সমালোচনাকে থোড়াই কেয়ার করেন কিম। করেন বলেই তিনি ‘কিম’ হতে পেরেছেন। রাজীব হাসানএএফপি ও হলিউড রিপোর্টার অবলম্বনে