ভেনিস দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে অংশ নেবে বাংলাদেশ
ইতালিতে অনুষ্ঠেয় ৫৪তম ভেনিস দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীতে প্রথমবারের মতো বাংলাদেশ অংশগ্রহণ করতে যাচ্ছে। ১৮৯৫ সালে ভেনিস দ্বিবার্ষিক শিল্পকলা প্রদর্শনীর সূচনা হয়। আন্তর্জাতিক শিল্পাঙ্গনে এটি অন্যতম তাৎপর্যপূর্ণ প্রদর্শনী। ছয় মাসব্যপী প্রদর্শনীতে প্রায় চার লাখ দর্শক সমাগম হয়। এবারের প্রদর্শনী শুরু হবে ৪ জুন। গতকাল শুক্রবার ধানমন্ডির বেঙ্গল গ্যালারিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। একই সঙ্গে গ্যালারিতে দুই দিনের বিশেষ প্রদর্শনী শুরু হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশের পাঁচজন তরুণ-শিল্পীর স্থাপনাশিল্প প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। শিল্পীরা হলেন মাহবুবুর রহমান, তৈয়বা বেগম, কবির আহমেদ, মাসুম চিশিত, ইমরান হোসেন এবং প্রমথেশ দাস। সংবাদ সম্মেলনে শিল্পী ছাড়াও বক্তব্য দেন প্রদর্শনীর কিউরেটর পাওলো ডব্লিউ তাম্বুরেলা এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী। তাঁরা ভেনিস দ্বিবার্ষিক চরুকলা প্রদর্শনীর মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশের প্রথমবার অংশগ্রহণ দেশের শিল্পীসমাজ তথা সমগ্র জাতির জন্য আনন্দ ও গৌরবের বিষয় বলে মন্তব্য করেন।বিশেষ প্রদর্শনীটি আজ দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।