ভেনিসে বিয়ে করছেন ক্লুনি-অমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি ও অমল আলমুদ্দিন
জর্জ ক্লুনি ও অমল আলমুদ্দিন

এ বছরের সেপ্টেম্বরে ইতালির ভেনিসে বিয়ে করতে যাচ্ছেন অস্কারজয়ী হলিউডের অভিনেতা জর্জ ক্লুনি ও মানবাধিকার-বিষয়ক আইনজীবী অমল আলমুদ্দিন। এ বছরের এপ্রিলে আংটি বদল করেন তাঁরা।

ইতালির লেক কোমো ইস্টেটে ক্লুনি-অমল বিয়ে করার পরিকল্পনা করলেও শেষ মুহূর্তে তা থেকে সরে এসেছেন। প্রাইভেসির বিষয়টি নিয়ে চিন্তিত তাঁরা। বর্তমানে নিজেদের ও বিয়ের আমন্ত্রিত অতিথিদের প্রাইভেসির বিষয়টি মাথায় রেখে ভেনিসে বিয়ের ভেন্যু খুঁজছেন। এক খবরে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।

জর্জ ক্লুনি-অমলের সম্পর্কের কথা প্রথম ফাঁস হয় এ বছরের মার্চ মাসে। ৫২ বছর বয়সী ক্লুনি ও ৩৬ বছর বয়সী আইনজীবী অমল সিসিলি দ্বীপপুঞ্জের সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় ক্যামেরাবন্দী হন। এর পরই তাঁদের প্রেমের খবর জনসমক্ষে আসে।

পেশাদার রেসলার ও মডেল স্টেসি কেইবলারের সঙ্গে ২০১৩ সালে প্রেমের ইতি টানেন ক্লুনি। একই বছরের অক্টোবরে লন্ডনে অমল ও ক্লুনিকে প্রথম একসঙ্গে দেখা যায়।

চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে জর্জ ক্লুনি পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘দ্য মনুমেন্টস মেন’। হোয়াইট হাউসে ছবিটির বিশেষ প্রদর্শনীতেও তাঁদের একসঙ্গে দেখা গেছে।