ভেনিসেও 'বৃহন্নলা'র জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৃহন্নলা ছবির দৃশ্যে ফেরদৌস ও সোহানা সাবা
বৃহন্নলা ছবির দৃশ্যে ফেরদৌস ও সোহানা সাবা

ইতালির ভেনিস শহরে অনুষ্ঠিত ‘আ ফিল্ম ফর পিস’ উৎসবের প্রতিযোগিতা বিভাগে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘বৃহন্নলা’। ছবির প্রধান অভিনেত্রী সোহানা সাবা গত ১২ জুলাই রবিবার রাতে ভেনিসে অনুষ্ঠিত এ আয়োজনে বৃহন্নলার পুরস্কার প্রাপ্তির সংবাদটি জানান ফেসবুকের মাধ্যমে।
সোহানা জানিয়েছেন, এ উৎসবে অংশগ্রহণকারী ৬৭টি দেশের মোট ২৬টি ছবি প্রতিযোগিতা বিভাগে স্থান পায়। বাংলাদেশের পাশাপাশি আমেরিকা, রাশিয়া, জার্মান, চীন, স্পেন, নরওয়ে, ইরান, ইরাক, ডেনমার্ক, ক্রোয়েশিয়া, ফ্রান্স, পর্তুগালসহ আরও কিছু দেশের ছবি।
ছবির পরিচালক মুরাদ পারভেজের সঙ্গে মুঠো ফোনে কথা হলে তিনি জানান, এর মধ্যেই উৎসবের পুরস্কার কমিটি তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর ব্যাংক অ্যাকাউন্ট নম্বরও নিয়েছেন। শ্রেষ্ঠ ছবির জন্য পুরস্কার মূল্য হিসেবে ৫০০ ইউরো দেওয়া হবে। সঙ্গে ক্রেস্ট এবং সার্টিফিকেট। তিনি আরও জানিয়েছেন, প্রতিযোগিতায় রানার আপ হয়েছে ইতালির ছবি ‘কেভিন’।
তবে, বাংলাদেশের ছবি ‘বৃহন্নলা’ এ পুরস্কার জেতার আগেও দেশ-বিদেশে আরও বেশ কিছু পুরস্কার অর্জন করেছে। বৃহন্নলায় অভিনয় করেছেন ফেরদৌস, দিলারা জামান. আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, ঝুনা চৌধুরী, কে এস ফিরোজ, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।