ভোগের প্রচ্ছদ-কন্যা কারিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইফ আলী খানের সঙ্গে বিয়ে ও মধুচন্দ্রিমা পর্বের শেষে আবারও কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিনা কাপুর খান। গত মাসে ইমরান খানের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরু করেছেন। পাশাপাশি মার্কিন ফ্যাশন ও লাইফ স্টাইল বিষয়ক সাময়িকী ভোগের ভারতীয় সংস্করণের প্রচ্ছদ কন্যা হিসেবে ছবি তুলেছেন। ভোগ ইন্ডিয়ার ফেব্রুয়ারি সংখ্যায় প্রচ্ছদ কন্যা হিসেবে দেখা যাবে কারিনাকে। এরমধ্যে তিনি ফটোসেশনের কাজ শেষ করেছেন। কালো রংয়ের সংক্ষিপ্ত পোশাক আর টুপি পরে বেশ আবেদনময়ী ভঙ্গিতেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন কারিনা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে হিন্দুস্তান টাইমস। এ প্রসঙ্গে কারিনা জানিয়েছেন, ‘ভোগের প্রচ্ছদ কন্যা হওয়ার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। সত্যি বলতে কি, অনেক অনেক দিন পর ভিন্নরূপে নিজেকে তুলে ধরলাম। আমার ধারণা, ভোগের প্রচ্ছদে সম্পূর্ণ ভিন্ন এক কারিনার দেখা পাবেন সবাই।’ সম্প্রতি হায়দরাবাদের ফালাখুমা প্রাসাদে এক ফটোসেশনে অংশ নেন পতৌদির নবাব পরিবারের নতুন সদস্য কারিনা কাপুর খান। প্রচ্ছদটির নকশা করেছেন ভোগ ইন্ডিয়ার ফ্যাশন ডিরেক্টর অ্যানাইটা শ্রফ আদাজানিয়া।