ভোট ফর সুন্দরবনের থিম সংয়ে টুটুল-কোনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে ভোট ফর সুন্দরবনের পক্ষে জোর প্রচারণা চলছে। এবার সুন্দরবনকে নিয়ে তৈরি হয়েছে গান। আর এ গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী এস আই টুটুল এবং চ্যানেল আই সেরাকণ্ঠ কোনাল। গানটির কথা লিখেছেন শহীদুল্লাহ ফরায়জী। সুর ও সংগীত পরিচালনা করেছেন পার্থ মজুমদার। সম্প্রতি গানটির একটি ভিডিওচিত্রও নির্মিত হয়েছে। ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন আদিত্য আলম। কোনাল জানান, ‘এস আই টুটুলের সঙ্গে এর আগে একটি চলচ্চিত্রে প্লেব্যাক করেছিলাম। এবার দেশের গানে কণ্ঠ দিলাম। খুবই ভালো লাগছে প্রাকৃতিক সপ্তাচর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে প্রচারণার অংশ হতে পেরে। আমি মনে করি, গানটির মাধ্যমে সুন্দরবনকে সবার কাছে আর চমত্কারভাবে ফুটিয়ে তোলা হবে।’কোনাল আর জানান, ‘প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবন এগিয়ে রয়েছে, যা বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার অনেক ভালো লাগার ব্যাপার। শেষ পর্যন্ত শীর্ষস্থানটি যেন সুন্দরবনই ধরে রাখতে পারে, সেটাই প্রত্যাশা করছি। গানের মাধ্যমে দেশের মানুষকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। তা ছাড়া এই ধরনের রাষ্ট্রীয় কাজে জড়িত হওয়া নিঃসন্দেহে গৌরবের বিষয়।’জানা গেছে, সুন্দরবনের বন্য প্রাণী, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা নিয়ে লেখা জনসাধারণকে উদ্বুদ্ধকরণমূলক থিম সংটি শিগগিরই বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।পুরো থিম সংটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন দেলোয়ার আরজুদা শরফ।