ভোট শেষ, গণনা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোট দিতে এসেছিলেন দুই প্রজন্মের দুই পরিচালক, মোস্তফা সরয়ার ফারুকী ও কাজী হায়াত (বা থেকে)। ছবি: শফিক আল মামুন
ভোট দিতে এসেছিলেন দুই প্রজন্মের দুই পরিচালক, মোস্তফা সরয়ার ফারুকী ও কাজী হায়াত (বা থেকে)। ছবি: শফিক আল মামুন

বিকেল ৫টায় শেষ হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনের ভোট। আধ ঘণ্টা বিরতির পরই শুরু হয় ভোট গণনা। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৩৬৮ ভোটের মধ্যে ভোট দিয়েছেন ৩২৫ জন ভোটার।
আজ শুক্রবার সকাল ৯টায় পরিচালক সমিতির কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হয়। বেলা বাড়তে থাকলে উৎসব হয়ে ওঠে মিলনমেলা। দুপুর ১২টার পর পুরো এফডিসি চত্বর লোকে লোকারণ্য হয়ে যায়। মূল ফটক থেকে শুরু করে নির্বাচনকেন্দ্র পরিচালক সমিতির কার্যালয় পর্যন্ত ভোটার, প্রার্থী ও সমর্থকদের জোয়ার দেখা যায়। মান্না ডিজিটাল কমপ্লেক্স ও জসীম ফ্লোরের সামনেও ছিল মানুষ আর মানুষ। সবচেয়ে বেশি জমজমাট ছিল ক্যানটিন। সেখানে প্রার্থী ও বিভিন্ন প্যানেলের সমর্থকদের আনাগোনাই লক্ষ্য করা যায়। ভোটারের দেখা মিললেই দৌড়ে গিয়ে তাঁকে ঘিরে ধরেছেন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। এ নির্বাচন নিয়ে অনেকেই বলেছেন, চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচনে এত মানুষের সমাগম আগে কখনো দেখা যায়নি। ক্যানটিন চত্বরে ঢোকার মুখে দেখা হয় পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে। তিনিও একই মত দেন। তিনি বলেন, ‘আগে দুটি প্যানেলের প্রতিদ্বন্দ্বী নির্বাচন দেখা গেছে। এবার তিন প্যানেলের ত্রিমুখী লড়াইয়ের কারণেই জমজমাট মনে হচ্ছে নির্বাচন।’ তিন নম্বর ফ্লোরের রাস্তা ধরে হেঁটে হেঁটে ভোট দিতে যাচ্ছিলেন বর্তমান সময়ের আলোচিত পরিচালক অমিতাভ রেজা। এর আগে ভোট দেখতে আসলেও এবারই প্রথম ভোট দিলেন তিনি। অমিতাভ বললেন, ‘এবার প্রথম ভোটার হয়েছি। এবারই প্রথম নির্বাচন বিষয়টি উপলব্ধি করতে পারছি।’
এই নির্বাচনে শুধু সাধারণ পরিচালকেরাই ভোট দিতে আসেননি। এক সময়ের তারকা অভিনেতা সোহেল রানা, উজ্জ্বল, কবরী, ওয়াসিম, ইলিয়াস কাঞ্চনসহ অনেকই এসেছিলেন। এ ছাড়াও ছিলেন গাজী রাকায়েত, মোস্তফা সরয়ার ফারুকী, অনিমেষ আইচ, মৌসুমী, তানিয়া আহমেদ, মেহের আফরোজ শাওন, সোহেল আরমান, রেদওয়ান রনি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ প্রমুখ। ভোটাররা ছাড়াও এফডিসিতে ছিল অভিনেতা-অভিনেত্রীদের হইচই ও আড্ডা। দেখা গেছে অঞ্জনা, ওমর সানি, অমিত হাসান, জায়েদ খান, নিরব, ইমন, আসিফ নূরসহ অনেককেই।
এদিকে নির্বাচনের ফলাফলের ব্যাপারে নির্বাচন কমিশন সদস্য বি এইচ নিশান জানান, ভোট গণনা শেষে ফলাফল পেতে রাত ১টা বা ২টা বাজতে পারে। এবারের নির্বাচনে সভাপতি, মহাসচিবসহ ১৭ পদের বিপরীতে কার্যনির্বাহী সদস্য পদে চারজন স্বতন্ত্র প্রার্থী ও তিনটি প্যানেল থেকে মোট ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল তিনটি হলো, আমজাদ হোসেন-জাকির হোসেন রাজু, মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন ও সোহানুর রহমান সোহান-রায়হান মুজিব।