ভোটযুদ্ধ নয় মিলনমেলা
রাজধানীর শিল্পকলা একাডেমিতে গতকাল বসেছিল তারার মেলা। টেলিভিশন নাটকশিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন উপলক্ষে গতকাল সকাল থেকেই প্রার্থী ও ভোটাররা শিল্পকলায় জড়ো হচ্ছিলেন। পথচারী যঁারা একাডেমির বাইরের ফটকের সামনে দিয়ে পার হয়েছেন, খানিকটা হলেও থমকে দাঁড়িয়েছেন তাঁরা। একসঙ্গে এত প্রিয় তারকাকে কাছে পেয়ে কেউ কেউ ভেতরে ঢুকে পড়েন।
প্রার্থীদের সব জটলা সংগীত ও নৃত্যকলা ভবনের মূল ফটকে, ভোটারদের প্রবেশপথে। সেখানেই ভোট গ্রহণ চলছিল। ভোটার দেখলেই তাঁর ওপর প্রার্থী ও তাঁদের সমর্থকেরা বলতে গেলে ঝাঁপিয়ে পড়েছেন! কেউ কেউ দিচ্ছিলেন ‘ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের’ স্লোগান।
এসবের মধ্যেও পরিবেশ ছিল সুশৃঙ্খল। প্রার্থী, সমর্থক ও ভোটাররা একসঙ্গে গল্পে মেতেছেন। বিকেলের দিকে ভোট দিয়ে বের হচ্ছিলেন সোহেল আরমান। তিনি বললেন, ‘এটা কোনো ভোটযুদ্ধ নয়, এটি হৃদয়ের ভোট। হার-জিত কোনো বিষয় নয়। এখােন মিলেমিশে সবাই এক আমরা।’
ভোট দেওয়ার পর শিল্পকলার মাঠে বসে সহশিল্পীদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন রোকেয়া রফিক বেবি। জ্যেষ্ঠ এই অভিনেত্রী বললেন, ‘ব্যালট পেপারটা হাতে নিয়ে কাকে ভোট দেব, তা নিয়ে ভাবতেই পাঁচ মিনিট চলে গেছে। যাঁরই নাম দেখি, সে-ই প্রিয়মুখ। কাকে রেখে কাকে দেব!’
নতুন প্রজন্মের শিল্পীরা এই নির্বাচনে সবচেয়ে বেশি উৎসবে মেতে ছিলেন। তাঁদের অনেকেই জীবনের প্রথম ভোট উৎসবে যোগ দিয়েছিলেন। ভোট দিয়ে বেরোনোর সময় তেমনই দুজনকে একসঙ্গে পাওয়া গেল—মেহজাবিন ও ভাবনা। দুজনেরই চোখেমুখে আনন্দ আর উত্তেজনা। মেহজাবিন বলেন, ‘ভোট দেওয়ার সময় আমার হাত কাঁপছিল!’ ভাবনাও বললেন, ‘ভোট উৎসব যে এত আনন্দের হয়, জানা ছিল না আগে।’