ভোটের জন্য তিন খানের সহযোগিতা চাইলেন নরেন্দ্র মোদি!

তরুণ প্রজন্মকে ভোট দিতে উত্সাহী করার জন্য আমির খান, শাহরুখ খান, সালমান খানসহ বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার সাহায্য চাইলেন ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ নরেন্দ্র মোদি।
ভারতীয় রাজনীতিবিদদের মধ্যে নরেন্দ্র মোদির ইন্টারনেট ব্যবহারে পারদর্শিতার জন্য খ্যাতি আছে। সম্প্রতি এক টুইটার বার্তায় তরুণ প্রজন্মকে ভোট দিতে উৎসাহী করার জন্য বলিউডের তারকাদের প্রতি অনুরোধ জানিয়েছেন গুজরাটের এই মুখ্যমন্ত্রী।
মোদি তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘১৮ থেকে ২৪ বছর বয়সীদের মধ্যে অনেকেই এখনো ভোটার রেজিস্ট্রেশন করেননি। এই মুহূর্তে ভোটার রেজিস্ট্রেশনের কাজ করছে ইলেকশন কমিশন। আসুন, আমরা সবাই তরুণ প্রজন্মকে ভোট দিতে উত্সাহী করি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।
শুধু তিন খানকেই নয়, তরুণ প্রজন্মকে ভোট দিতে উত্সাহী করতে হৃতিক রোশন, দীপিকা পাড়ুকোন, অক্ষয় কুমার, প্রীতি জিনতা, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চনকেও অনুরোধ জানিয়েছেন নরেন্দ্র মোদি।