ভোরবেলায় ঘুম থেকে উঠে ছায়ানটে যাব: রওনক হাসান

রওনক হাসান। জনপ্রিয় অভিনয়শিল্পী। মঞ্চে কাজ শুরু করেছেন ১৯৯৪ সালে। অন্তত ১৫টি মঞ্চনাটকে অভিনয় করেছেন তিনি। মঞ্চের পাশাপাশি ২০০৭ সাল থেকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন গুণী এই অভিনেতা। পয়লা বৈশাখ উপলক্ষে কাজ এবং ব্যক্তিগত নানা প্রসঙ্গে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
পয়লা বৈশাখে আপনার পরিকল্পনা কী?
খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে ছায়ানটে যাব। সেখান থেকে ফিরে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হব। আপাতত এই পরিকল্পনা করেছি।
পয়লা বৈশাখ উপলক্ষে কী কাজ করলেন?
মাত্র একটি নাটকে অভিনয় করেছি। মেহের আফরোজ শাওন পরিচালিত নাটকটির নাম ‘গোপন কথা’। এখানে আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলের চরিত্রে অভিনয় করেছি। ‘গোপন কথা’য় আমার সহ-অভিনেত্রী হিসেবে কাজ করেছেন স্পর্শীয়া।
আপনার অভিনীত প্রথম নাটক কোনটি?
‘কাগজের ফুল’। নাটকটি দেখে মনে হয়েছিল আমি একদমই ভালো কাজ করিনি।
মঞ্চ ও টিভি নাটকের মধ্যে কী ধরনের পার্থক্য দেখতে পান?
আসলে কোনোটার সঙ্গে কোনোটার তুলনা হয় না। বলা যায়, ভিত্তিটা একই কিন্তু কৌশলটা ব্যতিক্রম। মঞ্চে অভিনয়ের সময় মনে হয় আমি একজন জীবন্ত অভিনেতা, যে সরাসরি দর্শকদের সামনে অভিনয় করছে। এ ছাড়া তত্ক্ষণাত্ দর্শকদের একটা প্রতিক্রিয়াও পাওয়া যায়। অন্যদিকে, টিভি নাটকে কাজের সবচেয়ে বড় সুবিধা হলো শট ঠিক না হলে বারবার শট দেওয়া যায়।
বর্তমান টিভি নাটকের অবস্থা সম্পর্কে আপনার ধারণা কী?
নাটকের আবহাওয়া ভালো, কিন্তু ভয়াবহ বাজেট-সংকট। দুই থেকে তিন দিনের মধ্যে কাজ শেষ করতে হয়। সাত বছর আগেও নাটকের দাম ঠিক ছিল। এখন তা একদমই কমে গেছে।
আপনার স্বপ্নের চরিত্র...
ইস, যদি ওথেলো এবং হ্যামলেট চরিত্রে অভিনয় করতে পারতাম! এটা আমার স্বপ্ন।
আপনার প্রিয় অভিনেতা...
মোশাররফ করিম, ইন্তেখাব দিনার ও মীর সাব্বির।
ভবিষ্যতের রওনক হাসান...
চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করতে চাই। আর আমি স্বপ্ন দেখি চলচ্চিত্র নির্মাণ করব। অভিনয় একটা পরনির্ভরশীল শিল্প। পরিচালকের চিন্তা অনুযায়ী সবকিছু করতে হয়। আমি চলচ্চিত্র নির্মাণ করতে চাই, যেখানে পুরো বিষয় কেবল আমার ওপরেই নির্ভর করবে।