ভ্রমরে নেই শায়লা সাবি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শায়লা সাবি
শায়লা সাবি

বছরের মাঝামাঝি সময়ে বেশ ঘটা করেই ঘোষণাটা দিয়েছিলেন নির্মাতা সোহেল আরমান। তাঁর নতুন সিনেমায় অভিনয় করছেন আরিফিন শুভ ও শায়লা সাবি। কিন্তু শেষ অবধি ‘ভ্রমর’ ছবিতে এ দুজনের কেউই থাকছেন না।

ঘোষণার মাস দু-এক পরে এ ছবি থেকে সরে যান অভিনেতা আরিফিন শুভ। আর গতকাল মুঠোফোনে শায়লা সাবি জানিয়েছেন, ভ্রমরে তাঁরও অভিনয় করা অনিশ্চিত। অথচ এর আগের দিনই জানিয়ে ছিলেন নিজেকে ভ্রমরের জন্য প্রস্তুত করছেন তিনি। প্রস্তুতির অংশ হিসেবে ছেড়ে দিয়েছেন নাটকে অভিনয়।

কিন্তু কী এমন হলো যে কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তিবদ্ধ সিনেমা থেকে সরে দাঁড়ালেন তিনি। এ ব্যাপারে অবশ্য খোলাসা করেননি শায়লা সাবি। তবে, তিনি জানিয়েছেন, পরিচালকের সঙ্গে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল বিকেলে নির্মাতা সোহেল আরমান প্রথম আলোকে জানিয়েছেন, ‘আরিফিন শুভ ছবিটি থেকে সরে যাওয়ার পর একটা ছন্দ পতন হয়েছে। আমরা নতুন নায়ক খুঁজছি। তার সঙ্গে যদি শায়লা সাবি ‘ম্যাচিং’ করে তবে তিনি অভিনয় করবেন। এ ছাড়া, তাঁর সঙ্গে শিডিউল মেলা নিয়েও একটা সমস্যা দেখা দিয়েছে। তাই আমরা বলে দিয়েছি, তিনি চাইলে নতুন সিনেমা হাতে নিতে পারেন।’

এদিকে, শায়লা সাবি জানিয়েছেন দুটি সিনেমায় অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে তাঁর।

শায়লা সাবি চ্যানেল আই সেরা নাচিয়ের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন। ২০১২ সালে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় সেরা পাঁচ এর মধ্যে জায়গা করে নেন তিনি। পরে বেশ কিছু একক ও ধারাবাহিক নাটকেও অভিনয় করেন। এ ছাড়া ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমায় শায়লা অভিনয় করেছেন অভিনেতা ফেরদৌসের বিপরীতে। এ বছর মুক্তি পেয়েছে শায়লা অভিনীত ‘ঘাসফুল’ ছবিটি। ‘ক্রাইম রোড’ নামে আরও একটি ছবিতে সম্প্রতি অভিনয় করেছেন তিনি।