ভ্রাম্যমাণদের জীবনসংগ্রাম নিয়ে ‘বেঁচে ওঠার গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে নিভৃতে বেড়ে ওঠা নানা পেশার ভ্রাম্যমাণ কিছু মানুষের নতুন করে জীবনসংগ্রাম শুরুর কাহিনি নিয়ে রচিত টেলিছবি ‘বেঁচে ওঠার গল্প’। স্বনাম গুপ্তর রচনায় টেলিছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন তরুণ নির্মাতা সাইদুল ইসলাম রিংকু।২৯ জুন থেকে ঢাকা শহরের বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শুরু হবে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন দীপা খন্দকার, শাহেদ আলী সুজন, কামাল বায়েজীদ, নয়ন হোসাইন, মোস্তফা রতন, সৌদ চৌধুরী প্রমুখ।টেলিছবিটির গল্পে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন। পিতৃবিয়োগের পর শহরে এসে রাজনৈতিক কোন্দলের শিকার হয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন। দীর্ঘ অনুপস্থিতির পর ছাত্রী পড়াতে গিয়ে জানতে পারেন, তাঁর টিউশনিটা আর নেই। সর্বশেষ বেতন নিয়ে রাতে ফিরে আসার পথে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারান। আহতও হন ছিনতাইকারীর আঘাতে। এই দুঃসময়ে তাঁর পাশে এসে দাঁড়ান সহপাঠী রূপালি। তিনি মামুনকে সাহস জোগান সামনে এগিয়ে যাওয়ার। দীর্ঘ পরিশ্রমের পর মামুন বেকারত্ব জয় করেন, সংসারী হন রূপালির সঙ্গে।’নাটকটির রচয়িতা জানিয়েছেন, এদিকে আরেকটি গল্পও রয়েছে এ নাটকের কাহিনির সমান্তরালে। যেখানে শফিক একজন পেশাদার ছিনতাইকারী, ভালোবাসেন যৌনকর্মী নূপুরকে। শফিকের ছিনতাইয়ের সময় আহত মামুনের করুণ কাহিনি শুনে নূপুরের মনে ক্ষোভ জাগে। তাঁর মনে হয়, শফিক ধীরে ধীরে পশুতে পরিণত হয়েছে। নূপুর তাঁদের সম্পর্ক ছিন্ন করে। শফিক তাঁর ভুল বুঝতে পেরে ছিনতাই ছেড়ে নতুন পেশা শুরুর মাধ্যমে আবার মন জয় করে নূপুরের। ঘটনা দুটি সমান্তরালে এগিয়ে চলে। এর পাশাপাশি বর্তমান সময়ের অস্থিতিশীল ছাত্ররাজনীতি, পথশিশুদের বিভিন্ন কার্যকলাপ, সাধারণ মানুষের আদর্শচ্যুতিসহ আরও নানা ঘটনা স্থান পেয়েছে এর কাহিনিতে।