ভয় আছে, ভয় নেই…

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু ছবি আছে, যা দেখলে অনেক দিন ভুলতে পারবেন না। এই যেমন কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি অ্যানাবেলে: ক্রিয়েশন। গায়ে কাঁপন ধরানো ছবি। দেখতে দেখতে ভয়ে মাঝখান থেকে উঠেও যেতে পারেন। এমন ঘটনাও ঘটেছে—হলে এক দর্শক নাকি ছবির মাঝখানে চিৎকার করে উঠে হল থেকে বের হয়ে গেছেন। তারপরও মানুষ জেনেশুনে বিষপানের মতো ভয়ের ছবি দেখে। আবার বাছাইও করেন বেশি ভয়ের ছবি কোনটা! অনেকেই পছন্দ করেন একটু ভয় পেতে। ভয় সব সময় আতঙ্কের হবে এমন তো কথা নেই। ভয় আনন্দেরও হতে পারে, সেটাকে আমরা বলতে পারি ভয়ানন্দ। সেই ভয়ানন্দের স্বাদ নিতে চাইলে দেখে ফেলতে পারেন পৃথিবীর সেরা কিছু ভয়ের ছবি।

সাইকো

ভয়ের ছবি কিংবা হরর থ্রিলার বললেই আলফ্রেড হিচককের নামটা সবার আগে আসে। ‘মাস্টার অব সাসপেন্স’ ১৯৬০ সালে নির্মাণ করেন সাইকো, যার নাম সর্বকালের সেরা হরর থ্রিলার ক্ল্যাসিক হিসেবে এখনো মানুষের মুখে ফেরে। শহরতলির একদম শেষে নির্জন এলাকার সেই বেটস মোটেলের একজন নিঃসঙ্গ ভদ্রলোক নরম্যান বেটস যে কতটা ভয়ের হতে পারেন, ছবিটা না দেখলে বুঝবেন না। এ ছাড়া হিচককের বার্ড ছবিটিও গা শিরশির করা ভয়ের!

এক্সরসিস্ট

১৯৭৩ সালে নির্মিত হরর ক্ল্যাসিক এক্সরসিস্ট এতটাই ভয়ের যে এক দর্শক হলের ভেতর ভয়ে চেয়ার থেকে পড়ে চোয়াল ভেঙে ফেলেছিলেন। এ জন্য তিনি মামলাও করেছিলেন হল-মালিকের বিরুদ্ধে এমন ভয়ের ছবি কেন দেখাল, এই অজুহাতে!

রিংগু

জাপানি পরিচালক হিদেও নাকাটার এই ছবিটি দর্শকদের এতটাই ভয় পাইয়েছিল যে পরবর্তী বছরেই সেটা হলিউডে নির্মাণ করা হয় দ্য রিং নামে। সেটাও যথেষ্ট ভয়ের। কিন্তু একদম আসল ভয় পেতে চাইলে দেখুন জাপানি ছবিটাই।

দ্য শাইনিং

এরপর দেখতে পারেন জ্যাক নিকলসন অভিনীত স্ট্যানলি কুবরিকের আরেকটি হরর মাস্টার পিস দ্য শাইনিং। ১৯৮০ সালে নির্মিত এই ছবিটি দেখলে আপনি ২০১৭ সালে বসেও ভয় পাবেন। একজনের হাত থেকে বাঁচতে নিজের পরিবারকে নিয়ে অদ্ভুত এক ভ্রমণে বের হন নিকলসন। কিন্তু..., থাক, বাকিটা না বলি। আপনি দেখেই ভয় পেয়ে নেবেন।

এ ছাড়া আছে হাল আমলের কনজুরিং, ইনসিডিয়াস, অ্যানাবেল, লাইটস আউট, আ নাইটমেয়ার অন এলম স্ট্রিট। তবে আগেই সাবধান করে দিই, এই ছবিগুলো কিন্তু একা দেখতে বসবেন না। ভয়ে পুরোটা শেষ করতে না-ও পারেন!

মানুষকে ভয় দেখানোর বিষয়টা মানুষের আদিমতম কাজগুলোর একটি। ১৯২০ সালে দ্য কেবিনেট অব ডক্টর ক্যালিগরি দিয়ে শুরু হয় ভয়ের চলচ্চিত্র। দুই বছর পরেই আসে কাউন্ট ড্রাকুলার মতোই একটা ক্যারেক্টার নিয়ে নসফেরাতু, যে কবর থেকে উঠে এসে মানুষের রক্ত খায়। সে-ও নির্মিত হয়েছে প্রায় এক শ বছর হতে চলল। এখনো ভয়ের ছবি বানানো হচ্ছে। ভয় নামক অনুভূতিটা যতই ভয়ের হোক মানুষ কিন্তু ভয় পেতে এবং দেখাতে ভালোবাসে। তাই তো আজও চলছে ভয়ের ছবি বানানো আর দেখার কাজটা।

নাজিয়া শারমিন

মেন্টালফ্লস, ইন্ডিওয়্যার, আইএমডিবি অবলম্বনে