ভয় জয় করে বিনোদন কেন্দ্রে উপড়ে পড়া ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয়কে জয় করে রাজধানীর বিনোদনপিয়াসীরা ঠিকই মেতেছিল ঈদ উৎসবে। ঈদের দিন বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দেখা গেল উপচে পড়া ভিড়। ঈদের আগে গুলশানের জঙ্গি হামলা, বৃহস্পতিবার সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া হামলার আতঙ্ক কাটিয়ে ঘুরে বেড়িয়েছেন হাজারো মানুষ।
আবহাওয়া অফিসের আগাম বার্তা ছিল, ঈদের দিন বৃষ্টিপাত হতে পারে। কিন্তু তাদের পূর্বাভাস ভুল প্রমাণ করে বৃহস্পতিবার থেকে কটকটে রোদ! ঈদে শিশু-কিশোরদের বিনোদন সবার আগে। শুধু তাদের জন্যই বাবা-মাকে শহর ঘুরে বেড়াতে হচ্ছে। এ কারণে বিশেষ চাপ এখন শিশু পার্কে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশুরা যেন দখল করে নিয়েছে পুরো এলাকা। ঘূর্ণি চরকি, যুদ্ধ বিমান, ট্রেন সবই চড়তে হচ্ছিল দীর্ঘ লাইন দিয়ে। অপেক্ষা সইতে না পেরে কেউ কেউ বাবা মায়ের আঙুল ছেড়ে ছুটতে চাইছিল। বিনোদন কেন্দ্রটি সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা ছিল।
বৃহস্পতিবার জাদুঘর বন্ধ ছিল। তবে শুক্রবার থেকে খোলা জাতীয় জাদুঘর। দুই দিনই ছিল দারুণ ভিড়।
মিরপুর চিড়িয়াখানার দর্শনার্থী সবচেয়ে বেশি। এখানে বন্য পশুপাখির বিচিত্র সব কাণ্ড-কারখানা দেখে মজার সময় কাটাচ্ছেন বিভিন্ন বয়সী মানুষ। দুপুরের পর থেকে ছিল প্রচণ্ড রকম ভিড়। ৯৩ হেক্টর এলাকাজুড়ে গড়ে ওঠা এই চিড়িয়াখানায় রয়েছে দেশি-বিদেশি অসংখ্য প্রজাতির পশুপাখি। বাঘ, সিংহ, হাতি, হরিণ, জেব্রা, বানর—আরও কত কী। রয়েল বেঙ্গল টাইগারের খাঁচার সামনে দেখা গেল সবচেয়ে বেশি ভিড়। বানরের বাঁদরামি দেখেও মুগ্ধতা কাটে না। চিড়িয়াখানায় একটি প্রাণী জাদুঘরও রয়েছে। রাসায়নিকভাবে সংরক্ষণ করা বিভিন্ন প্রাণীর দেহ দেখতেও কৌতূহলী ছিলেন অনেকেই। চিড়িয়াখানা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকছে।
শ্যামলীতে শিশুদের বিনোদনের জন্য বেসরকারি উদ্যোগে নির্মাণ করা হয়েছে শিশুমেলা। অল্প পরিসর আয়োজন হলেও এখানে রাইড কম নয়। ওয়ান্ডার হুইল, বেবি কার নামের রাইডগুলো বরাবরের মতোই উপভোগ করছে শিশুরা।
এসবের বাইরে রাজধানীর বিভিন্ন উদ্যান ছিল বিনোদনপ্রিয় মানুষের পদচারণায় মুখর। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সোহরাওয়ার্দী উদ্যান, চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা গেছে, সকলেই নিজেদের মতো করে ঈদ উদ্‌যাপনে ব্যস্ত ছিলেন। ধানমন্ডি লেকে নৌকায় ঘুরে বেড়িয়েছে অনেকে। নান্দনিক স্থাপন-হাতিরঝিল, কুড়িল বিশ্বরোডের ওভারব্রিজের ছিল দর্শনার্থীদের ভিড়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের টিএসসি, হাকিম চত্বর, কলাভবনেও ছিল তরুণদের ভিড়। ঢাকাবাসী শিক্ষার্থীদের অনেকেই উদ্‌যাপন করছেন ঈদ পুনর্মিলনী। কেউ মেতে উঠেছেন ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী পাভেল হক জানালেন, আর কদিন পরেই মাস্টার্স পর্ব শেষ করে বিশ্ববিদ্যালয় জীবনের পাট চুকাবেন। প্রিয় বন্ধুদের অনেকেই ব্যস্ত হয়ে পড়ছেন কর্মক্ষেত্রে। হাসি-তামাশার আড্ডায় বিদায়ের কথা উঠতেই হুট করে নেমে এল রাজ্যের বিষণ্নতা।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্কও ছিল লোকারণ্য। দুপুর গড়িয়ে বিকেল হতেই রাজধানীবাসীর পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল পার্কগুলো।
রাজধানীর হাতিরঝিলে ঘুরতে আসা বাসাবোর আলী আশরাফ বলেন, ‘যেকোনো সময়, যেকোনো স্থানে সন্ত্রাসীরা বোমা হামলা করতে পারে। ভয় পেলে তো চলবে না। শহরজুড়ে এই যে মানুষের ঢল নেমেছে, এতেই তো প্রমাণিত হয় যে, ভুল রাস্তায় থাকা জঙ্গিদের মোটেই ভয় পায় না মানুষ। ভয়কে জয় করেছে মানুষ।’
আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও ছিল বেজায় ভিড়। এ সবের পাশাপাশি সিনেমা হলগুলোতে নতুন ছবি দেখার জন্য দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। বিশেষ করে স্টার সিনেপ্লেক্স ও বলাকা সিনেপ্লেক্সে ভিড় ছিল প্রচুর। যমুনা ফিউচার পার্কের থিম পার্ক ও ব্লকবাস্টার সিনেমা হলে ভিড় ছিল লক্ষ্য করার মতো।
সরেজমিনে দেখা গেছে সাম্প্রতিক জঙ্গিবাদ হামলাসহ নানা কারণে আতঙ্ক বিরাজ করা প্রতিটি বিনোদন কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল আইনশৃঙ্খলায় নিয়োজিত ব্যক্তিরা।