ভয় পেয়ে প্যারিস-ভ্রমণ পিছিয়ে দেননি কামার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী সারা আফরিনের সঙ্গে কামার আহমাদ সাইমন। ছবি: আনন্দ
স্ত্রী সারা আফরিনের সঙ্গে কামার আহমাদ সাইমন। ছবি: আনন্দ

কিছুদিন আগেই প্যারিসে ঘটে গেছে ভয়াবহ হত্যাকাণ্ড। তাতে ভয় পেয়ে প্যারিস-ভ্রমণ পিছিয়ে দেননি কামার আহমাদ সাইমন। বরং ভবিষ্যৎ বিশ্বনেতাদের সামনাসামনি হওয়ার একটা রোমাঞ্চ কাজ করছে তাঁর মনে।
অনেকেই জেনে গেছেন, কনফারেন্স অব ইয়ুথ বা বিশ্ব যুব সম্মেলন হতে যাচ্ছে আজ ২৬ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানেই আমন্ত্রণ পেয়েছেন সাইমন।
রোমাঞ্চের কারণটা এভাবে ব্যাখ্যা করলেন তিনি, ‘এর আগে প্রতিবারই কোনো না কোনো চলচ্চিত্র উৎসবে গেছি। সেটা চলচ্চিত্রের নিজস্ব পরিধির মধ্যে বলে সেখানে স্বচ্ছন্দে কথা বলা গেছে। কিন্তু এবার বিশ্বের বিভিন্ন সেক্টরের ভবিষ্যৎ নেতারা আমাদের শুনতে কি পাও ছবিটি দেখবেন এবং ডিরেক্টরস স্পিচে আমার সঙ্গে কথা বলবেন। এখানে ছবির ভাষা, সাহিত্যমূল্য বা কারিগরি দিক নিয়ে কথা হবে না। এই সময়ে ছবিটির ইমপ্যাক্ট কী, তা নিয়েই হবে কথা। জাতি বা রাষ্ট্রের গণ্ডিতে বাধা না পড়ে বৈশ্বিক হয়ে উঠেছে কি না, সেটাও জরুরি এখানে।’
‘আমাদের দেশে এখন অনেকেই ছবি তৈরি করছেন। কিন্তু ছবি তৈরি করার আগে সবচেয়ে জরুরি প্রশ্নটা নিজেকেই করা উচিত: আমি কেন একটি চলচ্চিত্র বানাব? ছবি মুক্তি পাওয়ার পর কেমন ব্যবসা করল, কোন চলচ্চিত্র উৎসবে গিয়ে কত লাভ হলো ইত্যাদিই যদি মুখ্য হয়ে ওঠে, তাহলে ভালো ছবি হবে কী করে? ছবিটা দেখে দর্শকেরা কী পেলেন, ছবিটা কেমন হলো, সে প্রশ্নই তো করি না আমরা!’—বললেন কামার।
আপনি কেন ছবি বানান?
হাসেন কামার: ‘আমি কেন ছবি বানাই, সেটা দর্শকেরাই ছবিতে খুঁজে নিক।’
‘ছোট, মাঝারি, বড় নানা চলচ্চিত্র উৎসবে আমাদের চলচ্চিত্র যাচ্ছে। বড় উৎসবের মূল প্রতিযোগিতায় আমাদের ছবি যায় না, তা নিয়ে আমি নানাজনকে আক্ষেপ করতে শুনি। কিন্তু এই যে ছোট, মাঝারি চলচ্চিত্র উৎসবে আমাদের ছবি যাচ্ছে, তা নিয়েই আমরা কেন সেলিব্রেট করতে শিখি না? প্রথম দিনেই কি নতুন কোনো দেশ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলতে পারে? তাকে প্রস্তুতি নিতে হয় না? আমাদের মধ্যে এত হীনম্মন্যতা কেন?
‘কোরিয়ান, লাতিন ছবির উদাহরণ আমরা দিই। কিন্তু ভেবে দেখি না, এটা তাদের একটা সংঘবদ্ধ প্রচেষ্টার ফল। সেটা যদি আমাদের মধ্যেও জন্ম নেয়, তাহলে ফলাফল আসতে বাধ্য।’
একটি উদাহরণ টানলেন কামার আহমাদ সাইমন। গত বছর যুক্তরাষ্ট্রে একজন ধনী প্রযোজক কামারের সঙ্গে যোগাযোগ করলেন। এর আগে কান চলচ্চিত্র উৎসবেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল। তিনি রিকশা গার্ল নামে একটি বই দিয়ে বললেন, ‘আমরা চাই, তুমি এই ছবিটা বানাও।’ একজন মার্কিন ভারতীয়র লেখা বইটি। কামার পড়লেন, তাঁর স্ত্রী সারা আফরিন পড়লেন। পড়ে বুঝলেন, যিনি লিখেছেন বইটি, বাংলাদেশ সম্পর্কে তাঁর কোনো অভিজ্ঞতা নেই। কামার আর সারা সবিনয়ে সেই প্রযোজককে বললেন, ‘আপনি আমাদের নিয়ে কাজ করতে চেয়েছিলেন, সে জন্য আমরা সম্মানিত বোধ করছি। কিন্তু কাজটা আমরা করতে পারছি না।’
পরিচালকের কাজ করার স্বাধীনতা থাকতে হয়। সৎ শিল্পী কখনো নির্দিষ্ট কিছু অর্জন করার লক্ষ্য নিয়ে কাজ করেন না। কোনো উৎসবে সাফল্য পেতে হবে, এ রকম কোনো লক্ষ্য থাকে না তাঁর সামনে। তিনি কাজ করেন নিজের তাগিদেই। কাজগুলো করে তিনি কালকে জয় করেন, তাতেই তিনি কালজয়ী হন। কালজয়ী হবেন বলে কাজ করেন না। বরং উল্টো।’ জানালেন কামার।
‘নিজের ভেতর ভারসাম্য থাকতে হবে,’ বললেন কামার। ‘নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে, কোনটা করব, কোনটা করব না। সামনে অসংখ্য টোপ থাকবে। যে পথে সহজে সবাই যায়, সে পথে যাত্রা নয়। নিজের পথটা খুঁজে নেওয়া।’
এ ব্যাপারে শোনালেন দারুণ এক কথা। ‘এস এম সুলতান কিংবা আখতারুজ্জামান ইলিয়াস, একজনের ছবিতে, অন্যজনের লেখায় পাওয়া যায় তাঁর নিশ্বাসের ঘ্রাণ। তাঁদের গায়ের গন্ধটাও বুঝি থাকে সৃষ্টিজুড়ে। প্রকাশনাশিল্পের কথাই ধরা যাক। হুমায়ূন আহমেদের প্রবল জনপ্রিয়তা। তিনি না এলে প্রকাশনাশিল্প দৈন্যদশা কাটিয়ে উঠতে পারত না। কিন্তু ইলিয়াসের চিলেকোঠার সেপাই না হলে সাহিত্যটা কোথায় থাকত? জনপ্রিয়তাই শিল্পের মাপকাঠি হতে পারে না।’
বিনয় কি এতটাই জরুরি ছিল কামারের? ওঁর যা অর্জন, তাতে তো মিডিয়া দাপিয়ে বেড়াতে পারতেন তিনি। অন্য অনেক নির্মাতা, অভিনয়শিল্পীর মতো সাংবাদিকদের সঙ্গে গড়ে তুলতে পারতেন নিবিড় সম্পর্ক, তারপর একই খবর নানা মোড়কে বারবার পরিবেশন করার ফন্দি আঁটতে পারতেন। কিন্তু সেসব না করে নিজের কাজটাই গুছিয়ে করার জন্য নিজের সব মনোযোগ নিবিষ্ট রেখেছেন তিনি। এই বৈরী সময়ে, ‘প্রচারেই প্রসার’ তত্ত্বকে অগ্রাহ্য করে টিকে থাকতে হলে নান্দনিক ভাবনায় যতটা পরিপক্বতা দরকার, তা আছে কামারের। এ কারণেই তাঁর হাতে যা সৃষ্টি হয়, তাঁকে কবিতা আখ্যা দিতে বড় লোভ হয়।