‘আমি দেও-দানোদের খুব ভয় পেতাম। হরর ছবি ঘৃণা করতাম। ঘৃণা করতাম ভয় পাওয়ার অনুভূতিটাকেও। পোড়োবাড়িতেও কোনো দিন যাইনি ভূতের খোঁজে। আমি সত্যিই এসব পছন্দ করতাম না।’—ভূত আর দেও-দানোদের ভয় পাওয়ার এই সরল স্বীকারোক্তি গেন্ডি (গেন্নাদি) তার্তাকোভস্কির। অথচ রাশান বংশোদ্ভূত মার্কিন এই পরিচালকই আগামীকাল হাজির হচ্ছেন ড্রাকুলা, ফ্রাঙ্কেনস্টাইন, মামি, ওয়্যারউলফ, ইনভিসিবলম্যানদের মতো দৈত্যদের নিয়ে! যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে তার্তাকোভস্কির প্রথম অ্যানিমেশন চলচ্চিত্র হোটেল ট্রান্সসিলভানিয়া।না, দৈত্যদের ভয়ংকর সব কাজ-কারবার দিয়ে দর্শকদের ভয় দেখানোর কোনো ইচ্ছাই তাঁর নেই। সত্যি বলতে কি, তাঁর দর্শনে ‘ভূত’ ব্যাপারটাই অদ্ভুত। তাঁর কল্পনার জগতের ফ্রাঙ্কেনস্টাইনরা মানুষকে ভয় দেখায় না, উল্টো মানুষকেই ভয় পায়! এবং সেই ভয় পাওয়ার যৌক্তিক কারণও আছে বৈকি!বিলাসবহুল পাঁচতারকা হোটেল ট্রান্সসিলভানিয়ার মালিক ড্রাকুলা মানব প্রজাতিকে ঘৃণা করে। তার হোটেলে মানুষের প্রবেশাধিকার নেই। বরং এই হোটেল বানানোই হয়েছে দৈত্যরা যেন মানুষের উৎপাত থেকে গা বাঁচিয়ে নিশ্চিন্তে এখানে এসে আরাম করে যেতে পারে। ড্রাকুলার একমাত্র আদুরে কন্যা মাভিস। কদিন বাদেই মাভিসের ১১৮তম জন্মদিন। দৈত্যদের হিসাবে অবশ্য ১১৮ তেমন কোনো বয়স নয়। মাভিসও তার বাবার চোখে ছোট্টটি এক মেয়ে।আদুরে মেয়ের জন্মদিন উদ্যাপন করতে ড্রাকুলা ফ্রাঙ্কেনস্টাইন, মামি, ওয়্যারউলফ, ইনভিসিবলম্যানদের আমন্ত্রণ জানায় হোটেল ট্রান্সসিলভানিয়ায়। হইহুল্লোড় করে সময় কাটানোর পরিকল্পনা তাঁর। কিন্তু ড্রাকুলার পরিকল্পনা ভেস্তে যেতে বসে জোনাথন নামের উটকো এক মনুষ্য তরুণ পর্যটক সেই হোটেলে ঢুকে পড়ায়। বাবার কাছ থেকে মানবজাতি এবং মানুষের পৃথিবী সম্পর্কে যে ধারণা পেয়ে এসেছে আলাভোলা কিন্তু কৌতূহলী মাভিস, সেই ধারণাই পাল্টে যাবে জোনাথনের সংস্পর্শে এসে। এবং অনিবার্যভাবে জোনাথনের প্রেমে পড়ে যাওয়ার সমূহ শঙ্কাও দেখা দেবে। যা হবে ড্রাকুলা এবং তাঁর দৈত্য সমাজের জন্য ‘ভয়ংকর’ এক পরিণতি। আদুরে কন্যা মাভিস জোনাথনের প্রেমে পড়ার আগেই কিছু একটা করতেই হবে ড্রাকুলাকে।এই হলো ছবির গল্প। বোঝাই যাচ্ছে, একের পর এক মজার ঘটনা ঘটতেই থাকবে হোটেল ট্রান্সসিলভানিয়ায়। কানাডার টরন্টো উৎসবে এরই মধ্যে প্রিমিয়ার হয়েছে ছবিটির। সেখানে নাকি দর্শকদের পেটে খিল ধরিয়ে দিয়েছিল হোটেল ট্রান্সসিলভানিয়া। দৈত্যদের নিয়ে দুর্দান্ত গল্পের কমেডি ধাঁচের অ্যানিমেশন ছবি অবশ্য এর আগেও বেশ কয়েকটি হয়েছে। এর মধ্যে মনস্টার ইঙ্ক. ছিল সবচেয়ে ব্যবসাসফল। দেখা যাক, তার্তাকোভস্কির ঝোলায় কী আছে!ডেক্সটারস ল্যাবরেটরি, সামুরাই জ্যাক, স্টার ওয়ার্স: ক্লোন ওয়ার্স এবং সিম-বায়োনিক টাইটান-এর মতো দ্বিমাত্রিক টিভি অ্যানিমেশন দিয়ে এরই মধ্যে মার্কিন টিভি দর্শকদের মন জিতে নিয়েছেন ৪২ বছর বয়সী পরিচালক। নিজের শৈশবে দেখা ভৌতিক কমেডি অ্যাবট অ্যান্ড কস্টেল্লো মিট ফ্রাঙ্কেনস্টাইন এবং অ্যাবট অ্যান্ড কস্টেল্লো মিট দ্য মামি দেখার অভিজ্ঞতা থেকেই হোটেল ট্রান্সসিলভানিয়া বানিয়েছেন। এটা তাঁর জন্য শৈশবের সেই আনন্দময় অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়া। এটাকে তার্তাকোভস্কি বলেছেন, ‘শৈশবে ফিরে যাওয়া’। রাজীব হাসানএএফপি ও হলিউড রিপোর্টার অবলম্বনে