ভয়কে জয় করে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় ফুট লম্বা নীল শরীরটা এবার মানুষের আকার পেল। লড়াই-ই করবে সে। তবে তীর-ধনুকের বদলে হাতে পিস্তল আর ছুরি। প্যানডোরাতেও আর বাস নেই। নেমে এসেছে পৃথিবীতেই। প্রতিপক্ষ অবশ্য এবারও দুষ্ট কিছু মানুষ। নেটিরি নয়, এখন তার নাম আইশা। এরপর আবার প্যানডোরাতে ফেরা। সেখানে অপেক্ষা করছে জেক সালি। মাঝে অবশ্য কিছুদিন কাটিয়ে যেতে হবে স্টারফ্লিটে, উহুরা হয়ে।জোয়ি সালড্যানার হাতে এখন সময় একেবারেই নেই।২৩ তারিখ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে সালড্যানার নতুন ছবি দ্য লুজারস। অ্যাভেটার-এর নেটিরি থেকে লুজারস-এর আইশা হতে হয়েছে তাঁকে। বলিভিয়ার জঙ্গলে তাড়া করতে হয়েছে ভয়ংকর শত্রুকে। চরিত্রটি নাকি একদম মনের মতো হয়েছে তাঁর। ‘মেয়েরা বিপদে পড়ে চেঁচামেচি করবে আর নায়ক এসে বাঁচাবে—এমন চরিত্রে অভিনয় করতে চাই না। আমি বড় হয়েছি কুইনসে। সেখানে মেয়েরা নিজেরাই নিজেদের দেখভাল করতে পারে। এমন চরিত্রই এখন চাই।’গত সপ্তাহে মুক্তি পাওয়া ডেথ অ্যাট এ ফিউনারেল ছবিতে অবশ্য সালড্যানা মারপিট করার সুযোগ পাননি। কারণ ছবিটা শতভাগ হাসির। সে সুযোগ আবার আসতে পারে অ্যাভেটার-এর সিক্যুয়েলে। নেটিরির চরিত্রে সালড্যানাই অভিনয় করবেন। তবে পরিচালক জেমস ক্যামেরন ছবিটিকে ‘অ্যাভেটার-২’ বলতে নারাজ। ‘জেক সালি তো আর অ্যাভেটার নয়, সে এখন নাভি। আমরা বরং ছবিটাকে নাভি বলতে পারি।’ বলেছেন ক্যামেরন। প্রথমবার নেটিরির চরিত্রটির জন্য চার বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন স্যালডানা। নেটিরির কথা বলা, হাঁটাচলা, গাছে ওঠা, লাফানো—সব রপ্ত করতে হয়েছিল। এবার আবার নেটিরি হতে নাকি অন্তত ছয় মাস সময় তাঁর লাগবেই। শুটিং কবে নাগাদ শুরু হবে তা এখনো জানা যায়নি। ২০০৬ সাল থেকেই ক্যামেরন ঘোষণা দিয়ে রেখেছিলেন ‘অ্যাভেটার’ নির্মাণের। তবে এবার এর সিক্যুয়েলের জন্য এত লম্বা সময় নাও লাগতে পারে।শুধু অ্যাভেটার নয়, ২০০৯-এ স্টার ট্রেক-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তিনি, উহুরা চরিত্রে। এর সিক্যুয়েলের শুটিংও এ বছরই শুরু হবে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১২-এর জুলাইয়ে।বড় বাজেটের ছবিতে অভিনয় করার অভিজ্ঞতা অবশ্য সালড্যানার জন্য নতুন নয়। ২০০০ সালে সেন্টার স্টেজ ছবিটি দিয়ে হলিউডে পা রাখা তাঁর। ২০০২-এ নিক ক্যাননের সঙ্গে ড্রামলাইন ছবিতে অভিনয় করে আসে পরিচিতি। পরের বছরগুলোয় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল, স্টিফেন স্পিলবার্গের টার্মিনাল-এর মতো ছবিতেও অভিনয় করেছেন। কিন্তু হলিউডের চেনা মুখ থেকে তারকা হয়ে ওঠা হয়নি। সুযোগটা দিলেন জেমস ক্যামেরন। মানবীরূপে যা ১০ বছরেও হয়নি। নাভি হয়ে একটি ছবিতেই বাজিমাত করলেন জোয়ি। দেখা যাক জোয়ি সালড্যানারূপে তারকা খ্যাতিটা ধরে রাখতে পারেন কি না।