মকবুল ফিদা হুসেইন চরিত্রে গুলশান গ্রোভার
ভারতের প্রখ্যাত চিত্রকর মকবুল ফিদা হুসেইনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের একসময়ের খল চরিত্রের সাড়া জাগানো অভিনেতা গুলশান গ্রোভার। বিষয়টিকে গুলশান তাঁর অভিনয়জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় বলেই মনে করছেন।চলচ্চিত্রটি যদিও মকবুল ফিদা হুসেইনের জীবনী নির্ভর বা ‘বায়োপিক’ নয়, কিন্তু নির্মাতা আদনান শশাঙ্ক শেখরের এ ছবিতে একজন শিল্পীর জীবনই উঠে এসেছে, যিনি তাঁর শিল্পকর্মের মাধ্যমে সমাজকে পুষ্ট করে চলেন। এক খবরে জানিয়েছে টিএনএন।এ প্রসঙ্গে হুসেইন চরিত্রটির অভিনেতা গুলশান গ্রোভার বলেন, ‘যখন আমাকে এ চরিত্রতে অভিনয়ের ব্যাপারে জানানো হয়েছিল, আমি সাগ্রহে ও আনন্দের সঙ্গেই রাজি হয়েছিলাম।’মকবুল ফিদা হুসেইনের সেই অননুকরণীয় খালি পায়ে চলাফেরার অভ্যাসও এখন গুলশানকে রপ্ত করতে হচ্ছে। ফিদার মতো লম্বা চুল রাখা এবং তাঁর চরিত্রের অন্যান্য খুঁটিনাটি বিষয়গুলো, যা এ চরিত্রে ফুটিয়ে তুলতে প্রয়োজন—সবই এখন গুলশান গ্রোভারের রপ্ত করতে হচ্ছে।এ আকর্ষণীয় চরিত্রের জন্য নির্বাচিত হয়ে গুলশান রীতিমতো আপ্লুত। মজার ব্যাপার হচ্ছে, চরিত্রটির প্রয়োজনে গুলশান এখন নিয়মিত ছবিও আঁকছেন! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘একসময় স্কুলজীবনে আমি ছবি আঁকতাম বটে, বিষয়টি আমার পাঠ্যও ছিল। এ চরিত্রে অভিনয়ের জন্য আবারও তুলি ধরেছি। বন্ধুশিল্পীদের কাছ থেকে পরামর্শ নিয়েছি। অন্তত হুসেইনের চরিত্রে অভিনয়ের সময় বিষয়টি যাতে স্বাভাবিক বলে মনে হয়।