মকবুল ফিদাকে নিয়ে সিনেমা করছেন ছেলে ওয়াইস
চিত্রশিল্পী হওয়া সত্ত্বেও সিনেমাকে অত্যন্ত ভালোবাসতেন। বোধহয় সিনেমার হোর্ডিং আঁঁকা দিয়ে জীবন শুরু করা এই শিল্পীর মধ্যে সিনেমার প্রভাব শেষ দিন পর্যন্ত ছিল। নিজের প্রথম সিনেমা ‘ফ্রু দি আইস অব এ পেন্টার’ বার্লিন চলচ্চিত্র উত্সবে গোল্ডেন বিয়ার পুরস্কার জিতে নিয়েছিল। শেষ বয়সে ‘গজগামিনী’, ‘মীনাক্ষী’র মতো সিনেমাও করেছিলেন।এবার সেই মকবুল ফিদা হোসেনকে নিয়ে সিনেমা করতে চলেছেন তাঁর ছেলে ওয়াইস হুসেন। যদিও এর আগে তাঁর বাবাকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন ওয়াইস। কিন্তু ওই প্রামাণ্যচিত্রে ফিদাকে যেভাবে উপস্থাপন করা হয়েছিল, তাতে খুশি হতে পারেননি মকবুল ফিদা নিজেই। মন্তব্য করেছিলেন, ‘কে দেখবে এটা? তুমি বরং আমার ওপর কাহিনিনির্ভর একটা সিনেমা নির্মাণ করো।’বাবা আজ আর পৃথিবীতে নেই। কিন্তু প্রয়াত বাবার ইচ্ছার প্রতি সম্মান জানাতে তাঁর জীবনের ওপর একটা সিনেমা নির্মাণ করতে চলেছেন ছেলে। গুঞ্জন রয়েছে, এখানে কিংবদন্তি এই চিত্রশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন ছেলে ওয়াইস নিজেই!একটি সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, এই সিনেমায় ফিদার চরিত্রে ওয়াইস অভিনয় করলে সেটাই সুবিবেচকের কাজ হবে। কারণ এই চরিত্রটি কেবল তিনিই ফুটিয়ে তুলতে পারেন। ছেলে হিসেবে ওয়াইসই ফিদাকে সবচেয়ে ঘনিষ্ঠভাবে দেখেছেন।বাবার ভূমিকায় ওয়াইসের অভিনয় অবশ্য নতুন নয়। ছেলেবেলায় একবার মকবুল ফিদার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ছেলেবেলার স্মৃতিচারণা করে ওয়াইস বলেছেন, ‘বাবার ভূমিকায় আমার অভিনয়ের একটা ফুটেজ আছে। সেটা ১৯৮৬ সালের ঘটনা। বাবা নিজেই আমাকে তাঁর মতো করে সাজিয়ে দিয়েছিলেন। বাবার সঙ্গে খেলা করার একটা ভিডিও ফুটেজ কোথাও না কোথাও আছে। আমাকে অবশ্যই সেটা পেতে হবে।’গত ৯ জুন লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯৬ বছর বয়সী ফিদা। সেখানেই তাঁকে সমাহিত করা হয়।উল্লেখ্য, ভারতের ধর্মান্ধ গোষ্ঠীর নৃশংসতার কারণে ২০০৬ সালে ভারত ছাড়তে বাধ্য হন এই শিল্পী। এর পর থেকে স্বেচ্ছানির্বাসনে ছিলেন তিনি। আর কখনো ভারতে ফেরেননি। ২০১০ সালে কাতারের নাগরিকত্ব গ্রহণ করেন। জীবনের শেষ দিনগুলো তিনি কাটিয়েছেন লন্ডনে।