মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন: সংস্কৃতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার জন্য বরেণ্য শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অন্যরা। ছবি: সাইফুল ইসলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে বর্ষবরণ উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার জন্য বরেণ্য শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী দেখছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অন্যরা। ছবি: সাইফুল ইসলাম

‘আবহমান কাল ধরে এই ভূখণ্ডে বাংলা নববর্ষ উদ্‌যাপিত হচ্ছে। সময়ের প্রয়োজনের এ উৎসবের চরিত্র বদলেছে। একসময় নববর্ষ ছিল শুধুই উৎসব। বর্তমানের উৎসবের গণ্ডি পেরিয়ে নববর্ষ হয়ে উঠেছে মানবিকতা ও সম্প্রীতির উৎস। যখনই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিবাদ হয়েছে এর মাধ্যমে। এর সঙ্গে কোনো ধর্মের কোনো আচারের সম্পর্ক নেই। মঙ্গল শোভাযাত্রা হচ্ছে সাংস্কৃতিক আন্দোলন। এটাকে সবাই ধারণ করে। তাই সবাইকে নিয়েই আমরা ওই অপশক্তির বিরুদ্ধে লড়াই করব। এ দেশ হচ্ছে সকল ধর্ম ও বর্ণের মানুষের। সেই মানুষদেরই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে অশুভ শক্তির।

সোমবার বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চারুকলায় জয়নুল গ্যালারিতে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহের বিশেষ প্রদর্শনীর উদ্বোধন করে এমন মন্তব্য করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সহ-উপাচার্য (প্রশাসন) ও পয়লা বৈশাখ উদ্‌যাপন কমিটির সমন্বয়কারী অধ্যাপক আখতারুজ্জামান, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বক্তব্য দেন। পরে অতিথিরা মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি পরিদর্শন করেন।
সোমবার শোভাযাত্রার তহবিল সংগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীতে শিল্পী রফিকুন নবী, হাশেম খান, বীরেন সোম, সমরজিৎ রায় চৌধুরী, শিশির ভট্টাচার্যের বিশিষ্ট শিল্পীদের প্রায় ৩০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। সম্প্রতি এক কর্মশালায় তাঁরা এগুলো তৈরি করেছিলেন। এসব শিল্পকর্ম বিক্রির অর্থ দিয়েই মঙ্গল শোভাযাত্রার ব্যয়ের একটা বড় অংশ উঠে আসে। প্রদর্শনী পয়লা বৈশাখের আগের দিন পর্যন্ত চলবে।