মঙ্গলবার ঢাকায় গান শোনাবেন রিচার্ড মার্কস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিচার্ড মার্কস
রিচার্ড মার্কস

আগামী মঙ্গলবার ঢাকায় গান শোনাবেন নব্বইয়ের দশকের জনপ্রিয় মার্কিন সংগীতশিল্পী রিচার্ড মার্কস। কাল ১৫ মে প্রথমবারের মতো তিনি ঢাকায় আসবেন। পরদিন কনসার্ট শেষ করে ঢাকা ছাড়বেন ১৭ মে। ‘রিচার্ড মার্কস লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানটি আয়োজন করছে ঢাকার প্রতিষ্ঠান ক্রেইনস। অনুষ্ঠানের রেডিও পার্টনার এবিসি রেডিও।
অনেক জনপ্রিয় ইংরেজি রোমান্টিক গান করেছেন রিচার্ড মার্কস। এ তালিকায় আছে ‘রাইট হিয়ার ওয়েটিং’, ‘হোল্ড অন টু দ্য নাইট’, ‘এন্ডলেস সামার নাইটস’, ‘স্যাটিসফায়েড’, ‘হ্যাজার্ড’, ‘নাউ অ্যান্ড ফরএভার’ গানগুলো।
রিচার্ড মার্কস নিজের অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া রিচার্ড মার্কসের ঢাকায় আসার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ক্রেইনস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার কাজী ফয়সাল আহমেদ। তিনি বলেন, কনসার্টের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নেওয়া হয়েছে। ১৬ তারিখ সন্ধ্যা ছয়টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মূল মিলনায়তনের প্রবেশপথ খুলে দেওয়া হবে। www.boupon.com.bd ওয়েবসাইট থেকে কেনা যাবে টিকিট। সাতটায় শুরু হবে আয়োজন।
৩ হাজার থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকা মূল্যমানের টিকিট কেটে দর্শকেরা আয়োজনটি সরাসরি উপভোগ করতে পারবেন। ২০ হাজার টাকা মূল্যের টিকিট নিয়ে যাঁরা কনসার্ট উপভোগ করবেন, তাঁরা রিচার্ড মার্কসের সঙ্গে দেখাও করতে পারবেন।