মঙ্গলবার সারা দিন নবান্ন উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছর নবান্ন উৎসবের একটি মুহূর্ত ফাইল ছবি।
গত বছর নবান্ন উৎসবের একটি মুহূর্ত ফাইল ছবি।

আগামী মঙ্গলবার পয়লা অগ্রহায়ণ সারা দিন উদ্‌যাপিত হবে নবান্ন উৎসব। একই সঙ্গে রাজধানীর দুই আঙিনায় অনুষ্ঠিত হবে এ উৎসব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় ও ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চে নাচ-গান, কবিতা ও কথায় স্বাগত জানান হবে নবান্নকে। এদিন বকুলতলা সকাল ৭টা ১ মিনিট থেকে সকালের অনুষ্ঠানমালা শুরু হয়ে প্রথম পর্ব সকাল ৯টায় নবান্ন শোভাযাত্রার মাধ্যমে শেষ হবে। দ্বিতীয় পর্ব একযোগে ধানমন্ডি রবীন্দ্র সরোবর মুক্তমঞ্চ ও চারুকলার বকুলতলায় বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। জাতীয় নবান্নোৎসব উদ্‌যাপন পর্ষদ আয়োজিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে ল্যাবএইড।
এ বছরের উৎসব উদ্বোধন করবেন ভাষা সংগ্রামী, লেখক সংস্কৃতিজন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নবান্ন শোভাযাত্রা, আদিবাসী পরিবেশনাসহ বিভিন্ন পরিবেশনা থাকবে। থাকবে ঢাক-ঢোলের বাদন আর মুড়ি-মুড়কি-বাতাসা ও পিঠার আয়োজন।
শনিবার উৎসবের বিস্তারিত তুলে ধরতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে পর্ষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালাম। উপস্থিত ছিলেন পর্ষদের চেয়ারপারসন লায়লা হাসান, কো-চেয়ারপারসন শুভ রহমান, কাজী মদিনা, মানজার চৌধুরী প্রমুখ।

আসন্ন নবান্ন উৎসবকে সামনে রেখে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা
আসন্ন নবান্ন উৎসবকে সামনে রেখে শনিবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা

লিখিত বক্তব্যে বলা হয়, উন্নত দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে নবান্ন উৎসব আয়োজন করা হলেও বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হওয়া সত্ত্বেও রাষ্ট্রীয়ভাবে নবান্ন উৎসবের আয়োজন হয় না। রাষ্ট্রীয়ভাবে উদ্‌যাপনের পাশাপাশি পয়লা অগ্রহায়ণে সরকারি ছুটি ঘোষণার দাবি জানানো হয়। সকল সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের উত্থান ঠেকাতে বাঙালির নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা বিশেষ করে নবান্ন উৎসব আয়োজনে এবং অংশগ্রহণের আহ্বান জানানো হয়।