এ ম্যান ফর অল সিজনস, কইন্যা, সার্কাস সার্কাস, গন্ডারসহ প্রাচ্যনাটের একাধিক নাটকে অভিনয় করেছেন ঋতু সাত্তার। থিয়েটারে তাঁর বয়স মাত্র ১১ বছর হলেও তিনি নাটক নিয়ে ইতিমধ্যে জাপান, ডেনমার্ক ও ভারত সফর করেছেন।
মঞ্চ আমি ছাড়ছি না
থিয়েটারে যোগ দিলেন কবে?১৯৯৯ সালে প্রাচ্যনাটে যোগ দেওয়ার মাধ্যমে প্রথম থিয়েটারের সঙ্গে যুক্ত হই। আমি ছোটবেলা থেকেই মুক্তকণ্ঠে আবৃত্তির সঙ্গে জড়িত ছিলাম। স্কুল ও কলেজজীবনে ভিকারুননিসায় থাকাকালে সব সংস্কৃতিচর্চার সঙ্গে জড়িয়ে ছিলাম। তবে আগে থেকেই থিয়েটারের প্রতি আমার আলাদা দুর্বলতা ছিল। পরে বন্যা মির্জার উত্সাহে থিয়েটারে যোগ দিই। এ ব্যাপারে তিনি আমাকে সাহায্য করেছেন। থিয়েটার করতে এসে পারিবারিকভাবে কোনো সমস্যা হয়নি?খুবই সমস্যা হয়েছিল। এ দেশের শিল্পচর্চার জায়গায় অনেক ঝুঁকি আছে বলে বাবা মনে করতেন। তিনি কখনোই চাননি যে আমি থিয়েটারের সঙ্গে যুক্ত হয়ে কাজ করি। তিনি মনে করতেন, নিজের জীবন গড়ার পাশাপাশি আবৃত্তির সঙ্গে থেকেই শিল্পচর্চা চালিয়ে নিতে। কিন্তু থিয়েটারের প্রতি আমার মনোভাবের কোনো পরিবর্তন না হওয়ায় একসময় তিনি আর নিষেধ করেননি।প্রাচ্যনাটে যোগ দিয়ে আপনার প্রথম কাজ কী ছিল?ওই সময় প্রাচ্যনাটের এ ম্যান ফর অল সিজনস নাটকটির কাজ চলছিল। পরে নাটকটি ঢাকার মঞ্চে খুব জনপ্রিয়তা পায়। দলে যোগ দিয়েই নাটকটির মার্গারেট মোর চরিত্রটি করার সুযোগ পাই। আমার ভাগ্য খুবই ভালো, প্রথমেই আমি এমন একটি চরিত্র করার সুযোগ পেয়েছি। কারণ, এ ধরনের চরিত্র করতে হলে আগে থেকেই থিয়েটারের প্রতি অনেক ধারণা এবং শ্রমের বিষয় থাকে। কিন্তু আমার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়নি এবং চরিত্রটি করতে গিয়ে আমি থিয়েটার সম্পর্কে বুঝতে শিখেছি।অনেকেই থিয়েটারে কাজ করতে আসেন। কিন্তু টেলিভিশনে সুযোগ পেলেই তাঁরা মঞ্চ ছেড়ে চলে যান। এ বিষয়ে আপনার মন্তব্য কী?আমাদের এখানে থিয়েটার করে কোনো অর্থ পাওয়া যায় না। আর সেটা মেনে নিয়েই আমি থিয়েটারে কাজ করি। এ কারণে মঞ্চ আমি ছাড়ছি না। আমি মনে করি, সত্যিকারের শিল্পচর্চা করতে গেলে চাহিদা কম থাকতে হয়। পৃথিবীর সব দেশেই দেখা গেছে, যাঁরা মনেপ্রাণে থিয়েটার করে, থিয়েটার নিয়ে যাঁদের ধ্যান-জ্ঞান, তাঁদের চাহিদা কম। তাঁরা মধ্যবিত্তদের মতো বসবাস করেন। আর যাঁরা থিয়েটার করতে এসে পরবর্তীতে টেলিভিশনে ব্যস্ত হয়ে পড়ছেন এবং এক সময় মঞ্চ থেকে হারিয়ে যাচ্ছেন, সেটা তাঁদের নিজস্ব ব্যাপার। হতে পারে তাঁদের চাহিদা অনেক বেশি।১১ বছর থিয়েটার করছেন। প্রাপ্তি কতটুকু?থিয়েটার করার কারণে নিজের জীবন, মানুষ, চারপাশের পরিবেশকে অন্যভাবে দেখি। জীবনকে আলোকিত মনে হয়। এখানে এসে শেখার পরিমাণটা বেড়েছে। হয়তো আরও বেশি শিক্ষা এখান থেকে নিতে পারব। আমি মনে করি, থিয়েটার করার কারণে আমি ও আমার শিল্পচর্চা আলাদা নয়, এক অবিচ্ছেদ্য অংশ। সম্প্রতি আপনি দলের বাইরে ‘বিসর্জন’ নামের একটি নাটকে অভিনয় করলেন। কেমন অভিজ্ঞতা হলো?দশরূপক নামের একটি দলের প্রথম প্রযোজনা বিসর্জন নাটকে অভিনয় করলাম। এতে আমার চরিত্র ছিল রানি গুণবতী। আরও বেশ কয়েকটি দলের কর্মী এই নাটকে অভিনয় করেছেন। নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় কাজ করেছি। এটি আমার জন্য পরম পাওয়া। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, প্রতি মুর্হূতেই আমি শিখছি। এযাবত্ যত কাজ করেছি, জীবনে সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছে বিসর্জন নাটকে কাজ করতে গিয়ে।