ব্রিটিশ কাউন্সিল মঞ্চে মান্নান হীরার লাল জমিন দেখতে দেখতে বজ্রাহতের মতো নিজের আসনে স্থির হয়ে গেলাম। নাটক যখন শেষ হলো তখন বাঙিনষ্পত্তির সাধ্য নেই, নড়াচড়ারও সাধ্য নেই। নাটকের বিষয় সেই একই: মুক্তিযুদ্ধ। সেই সুবিশাল রক্তপূর্ণ লবণাক্ত হ্রদ। প্রতিভাবান একজন তরুণ এর পরিচালক। তাঁর কাজ অসাধারণ; মঞ্চ পরিকল্পনা সংক্ষিপ্ত, অতিসাধারণ, কাজেই অসাধারণ। মঞ্চসজ্জা সরল, স্পষ্ট আলোকসম্পাৎ। তবে সবকিছু ছাপিয়ে উঠল মোমেনা চৌধুরীর একক অভিনয়। এ এক অনন্য অভিজ্ঞতা, শিমূল ইউসুফের একক অভিনয় মনে পড়ে যায়। মোমেনার অভিনয়ে তার ছাপ আছে, আর ছাপিয়ে যাওয়াও আছে। তা না হলে মোমেনা কেমন করে মোমেনা হবে?শুরুতে মন একটু নির্জীব ছিল, সাড়া দিতে চাইছিল না। শ্লেটের ওপর একই অক্ষরের কেবলই দাগা বুলিয়ে যাওয়ার মতো। নতুন, তা যত নতুনই হোক, একসময় যে পুরোনো হয়ে যায়, সে সম্বন্ধে সচেতন হতে আমাদের বড় বেশি সময় লাগে। তাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার চেষ্টাটাও স্তিমিত হয়ে যায়। এই অবস্থাটা সৃজনশীলতার ঠিক বিপরীত অবস্থান। ধর্মের বিধানের মতো, পাখির খাঁচায় অভ্যস্ত হয়ে যাওয়ার মতো। অভিনয়ে শরীর, অভিনয়ে নৃত্যভঙ্গিমা, ব্যালে নর্তকীর শরীর-সাবলীলতা, ভয়ানক তীব্রতা, আকাশভেদী আবেগ পাঠানো—এ সবই নতুন অভিনয়ের অংশ ছিল সাতের দশকের মাঝামাঝিতে, বাংলাদেশে। এবার তাতে সাঁতলা পড়তে শুরু করেছে। প্রথম দিকে মোমেনার মঞ্চ দাপিয়ে ওই অভিনয়ের ঢংটা আর আমাকে মুহূর্তে মুহূর্তে নতুনের স্বাদ দিচ্ছিল না। গতানুগতিকতার বাতে ধরার মতো আটক অবস্থা। কিন্তু সে শুরুর খানিকটা; তারপর এল মানুষ আর মুক্তিযুদ্ধ। পরস্পরে অনুপ্রবিষ্ট, যেমন শরীরের মধ্যে রক্তস্রোত। মুক্তিযুদ্ধের অতিগভীর, অতিতীব্র, রন্ধ্রে রন্ধ্রে, শিরায়-উপশিরায় মুক্তিযুদ্ধের অবারণ প্রবাহ। একটু ভুল বলেছি, মানুষ বললাম কেন? নারী, নারীই সামনে। কখনো আভা, কখনো উজ্জ্বল আলো, কখনো দাহ। এই বাংলাদেশের মেয়ে! মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তার সারা জীবন। তার দুরন্ত বালিকাজীবন, তার সোনালি রং-মাখা কিশোরীকাল, তার বয়ঃসন্ধির দুঃসহ সময়। বাবা গেছেন মুক্তিযুদ্ধের শুরুতেই। তিনি দ্বিধাহীন, দৃঢ়সংকল্প, যেমন বাংলাদেশের সুবিশাল কৃষকসমাজের মানুষ। মওলানা-মৌলভিদের কাছ থেকে কোনো পরামর্শ তাদের নিতে হয়নি। আর এই কন্যা লাল জমিন-এর মোমেনা মঞ্চে আসে বালিকা হয়ে, কিশোরী হয়ে। সে কি জাদু জানে? মুহূর্তে মুহূর্তে যেকোনো বয়সে সে চলে যেতে পারে। মঞ্চই তার অনিঃশেষ বিল; দূরদিগন্ত। সেখানে পদ্ম-শাপলা ইচ্ছেমতো তাকে ঘিরে ফুটতে থাকে। মঞ্চই তার বাড়ির উঠান, খড় ছিটানো, এক্কা-দোক্কা খেলা, ফসল মলনের জায়গা। আর সবটাজুড়ে এই মঞ্চ এক বিশাল স্বপ্ন। একার নয়, মানুষের, বাংলাদেশের মানুষের। মোমেনার অভিনয় শিখরস্পর্শী উচ্চতায় উঠে যায়। মাটির দেহকে সে পরিণত করে কঠিন ইস্পাতে, এক বহ্নিশিখা তীব্র ঘূর্ণিতে চারপাশে বহ্ন্যুৎপাত ঘটাতে থাকে, ঠিকরে পড়তে থাকে জ্বলন্ত এক একটি তারা। আমি স্তম্ভিত হয়ে মোমেনার অভিনয় দেখেছি। তারপর দেখেছি খানখান হয়ে ভেঙে পড়া স্বপ্ন। মুক্তিযুদ্ধে পাওয়া বাংলাদেশ যেন মুফতে পাওয়া লুটের জায়গা। নির্বিচার-নির্বিকার অবাধ শোষণ, নির্যাতন, বঞ্চনা আর প্রতারণার জায়গা। প্রায় জরতী মোমেনাকেও আমরা দেখেছি। মান্নান হীরার দৃষ্টি গেছে অনেক ভেতরে। এক অসন্তুষ্ট, অস্বস্তিকর বোধ আজকের বাংলাদেশের চেহারার একেবারে মর্মমূলে ঢুকে যায়। পরিচালক সেই বোধ ধরতে পারেন। পরম একনিষ্ঠতায় সেই বোধকেই মঞ্চে বাস্তব করে তোলেন।লাল জমিন এখন দেশ-বিদেশে পরিভ্রমণ করুক।