মঞ্চ তারকাদের খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরতিহীন চঞ্চল চৌধুরীবর্তমান সময়ে টেলিভিশনে ব্যস্ত হয়ে যাওয়ার কারণে ঢাকার মঞ্চে একাধিক অভিনেতা-অভিনেত্রীর আসা-যাওয়া কমে গেছে। মঞ্চের সঙ্গে অনেকের সম্পর্কচ্ছেদও ঘটেছে। সে ক্ষেত্রে ব্যতিক্রম অভিনেতা চঞ্চল চৌধুরী। ছোট পর্দার তুমুল ব্যস্ত এই অভিনেতা তাঁর দল আরণ্যক নাট্যদলের সব কটি প্রযোজনায় নিজেকে রেখেছেন সম্পৃক্ত। চঞ্চল বললেন, ‘আমি মিডিয়ায় আজ যে পর্যন্ত এসেছি, সেটা শুধু মঞ্চের কারণেই। মঞ্চ থেকে অভিনয় শিখে টেলিভিশনে জায়গা করে নিতে পেরেছি। ফলে আমার উত্তরণের জায়গাটাকে কোনোভাবেই মিস করতে চাই না।’ আর এ কারণেই দলের সব কটি চলতি প্রযোজনায়ও তাঁর সরব উপস্থিতি। মঞ্চের জন্য আলাদা সময় বের করে নেন তিনি। বর্তমান আরণ্যকের রাঢ়াঙ, সংক্রান্তি, ময়ূর সিংহাসন, শত্রুগণ, বাংলা থিয়েটারের চে’র সাইকেল নাটকে অভিনয় করছেন। তবে দলের এবং বিদ্যাসাগর নাটকে তাঁকে দেখা যায়নি। এ বিষয়টি নিয়ে চঞ্চলের বক্তব্য হচ্ছে, ‘নাটকটির ছয় মাসের মহড়ায় আমি অন্তত দেড় মাস অংশ নিয়েছি। আমার পক্ষ থেকে বলা ছিল, দল যদি আমাকে নাটকটিতে অভিনয়ের সুযোগ দেয়, তাহলে আমাকে জানালে অবশ্যই কাজ করব। পরে আমাকে আর জানানো হয়নি।’চুমকীর এক ঘণ্টা ২০ মিনিটএকটি মঞ্চনাটকের স্থায়িত্বকাল বড়জোর দুই ঘণ্টা। একটু বড় হলে সময়টা এর বেশি আর ছোট হলে এরচেয়ে কম। এসব নাটকে শিল্পীদের দৃশ্যের প্রয়োজনে মঞ্চে প্রবেশ করতে হয়। মঞ্চে থাকতে হয় পাঁচ মিনিট, ১০ মিনিট বা আরও কিছু বেশি; তাও আবার গল্পের প্রয়োজনে। একজন শিল্পীর নির্দিষ্ট চরিত্রানুযায়ী যতগুলো দৃশ্য থাকে, সেই অনুযায়ীই মঞ্চে প্রবেশ করতে হয়। নাজনীন চুমকীও এর আগে এমন অনেক নাটকে অভিনয় করেছেন। তাঁকে মঞ্চে প্রবেশ করতে হয়েছে এভাবেই। এবার একটি নাটকে টানা এক ঘণ্টা ২০ মিনিট মঞ্চে থাকতে হয়েছে তাঁকে। সমান গতিতেই অভিনয় করে পুরো সময় পার করতে হয়েছে। নাটকটি সীতার অগ্নিপরীক্ষা। সাইমন জাকারিয়ার লেখা নাটকটির নির্দেশনাও চুমকীর। তবে এই পুরো সময় মঞ্চে থেকে দর্শকের কাছে পৌঁছতেও কম কাঠখড় পোড়াতে হয়নি তাঁকে। দিনের পর দিন শ্রম দিয়েই তা আয়ত্ত করেছেন তিনি। চুমকীর মুখ থেকে শোনা যাক, ‘টানা তিন মাস আমি নাটকটিতে সময় দিয়েছি। এরপর রপ্ত করতে পেরেছি নাটকটি। তা-ও প্রথম প্রদর্শনীর দিন আমি রীতিমতো ভয়ে ছিলাম। কেননা, এ ধরনের কাজ প্রথম।’ ইতিমধ্যে নাটকটির ছয়টি প্রদর্শনী হয়েছে। দর্শকও জয় করেছেন চুমকী। প্রদর্শনীর সংখ্যা যতই বাড়ছে, নাটকটি ততই দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে। মঞ্চে ফিরছেন মিলনদেশ নাটকের হয়ে বছর দুয়েক আগে মঞ্চে শেষ দেখা গিয়েছিল আনিসুর রহমান মিলনকে। ছোট পর্দায় প্রচণ্ড ব্যস্ত তিনি। তবে মঞ্চে অভিনয়ের ক্ষুধাটা মেটেনি তাঁঁর; বরং মনের মধ্যে একধরনের যন্ত্রণা তাড়া করে ফিরছে তাঁকে। সম্প্রতি দলের কয়েকটি প্রযোজনা দেখে নাকি তাঁর ভেতর এই উপলব্ধি তৈরি হয়েছে। ‘২০০৮ সালের মে মাসে আমি বিরসাকাব্য নাটকটিতে শেষ অংশ নিই। এরপর আর মঞ্চে কাজ করা হয়নি। অনেক দিন থেকেই নিজের মধ্যে কোথাও যেন সমন্বয় হচ্ছিল না। এর মধ্যে দেশ নাটকের কয়েকটি প্রদর্শনী দেখতে গিয়েছিলাম। দর্শকসারিতে বসে নিজের মধ্যে প্রশ্ন হচ্ছিল, আমার তো মঞ্চে থাকার কথা। আমি কেন দর্শকের সারিতে? ইচ্ছাশক্তি থাকলে তো আমি মঞ্চে সময় দিয়েও টিভি নাটকে কাজ করতে পারি।’ তাই আবার মঞ্চে ফেরার কথা ভাবছেন মিলন। ‘সামনের এপ্রিলে আমাদের দলের উৎসব হবে। উৎসবে বিরসাকাব্য নাটকটি দিয়ে আবার মঞ্চে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি।’ ২০০০ সালে নিত্যপুরাণ নাটকে কাজের মধ্য দিয়ে দেশ নাটকে কাজ শুরু করেন মিলন। এরপর লোহা, দর্পণে শরৎশশী, বিরসাকাব্য, জনমে জন্মান্তর প্রভৃতি নাটকে অভিনয় করেন।