মঞ্চ থেকে ধারাবাহিকে

১৯৭১, সেই সব দিনগুলো একটি ধারাবাহিক নাটক। ১৯৭১ সালের ১ মার্চ থেকে ১৬ ডিসেম্বর—এই সময়ের একটি পরিবার, আর এই পরিবারের আশপাশের আরও কিছু মানুষকে নিয়ে নাটকের গল্প। নাটকটির নাট্যকার ও পরিচালক হূদি হক বলেন, ‘আমরা নাগরিক নাট্যাঙ্গন থেকে মঞ্চে একটি নাটক করছি। নাম সেই সব দিনগুলো। আমার বাবা ইনামুল হকের লেখা। ১৯৭১, সেই সব দিনগুলো লেখার সময় বাবার ওই নাটকটির কিছু প্রভাব অবশ্যই পড়েছে। তাই তো আমরা বলছি, এই ধারাবাহিকের মূল ভাবনা ইনামুল হকের। কিন্তু তার সঙ্গে আরও অনেক কিছু যোগ করা হয়েছে।’
ধারাবাহিকটি প্রসঙ্গে হূদি বলেন, ‘আমরা মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম। মুক্তিযুদ্ধ দেখিনি। তাই মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন বই পড়েছি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। নাটকের সঙ্গে যেন ১৯৭১ সালের একটা যোগসূত্র থাকে, তাই সবকিছুকেই বাস্তবসম্মতভাবে উপস্থাপনের চেষ্টা করেছি। নাটকের গল্পের সঙ্গে কোনোভাবে যোগাযোগ আছে—এমন ১৫ জন মুক্তিযোদ্ধাকে আমরা নাটকের সঙ্গে যুক্ত করেছি। এই মুক্তিযোদ্ধারা তাঁদের অভিজ্ঞতার কথা বলবেন। আর তা দেখানো হবে প্রতি দুই পর্ব পর পর।’
নাটকে ১৯৭১ সালের সময়টাকে যথাযথভাবে তুলে ধরার জন্য ব্যবহার করা হয়েছে ওই সময়ের বাড়ি, জিনিসপত্র, পোশাক, শিল্পীদের সাজসজ্জা। নাটকটির শুটিং শুরু হয়েছিল ঠাকুরগাঁওয়ে, গত বছরের ষোলোই ডিসেম্বর, বিজয় দিবসে। ৩০ পর্বের এই ধারাবাহিকের বেশির ভাগ কাজ হয়েছে উত্তরবঙ্গ আর সীমান্ত এলাকায়।
নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, লিটু আনাম, তিশা, সজল, রুমানা, তানজিকা আমিন, সাজু খাদেম, রওনক হাসান, সাজ্জাদ রেজা, সামিয়া, প্রসূন আজাদ, সোহেল খান, আতাউর রহমান, ঝুনা চৌধুরী প্রমুখ।
২৮ আগস্ট থেকে চ্যানেল আইয়ে শুরু হচ্ছে ধারাবাহিকটি।