মঞ্চ বিরতি...
রিপার্টরিতেই এখন স্বচ্ছন্দসুবচন নাট্যসংসদের ক্ষুধিত পাষাণ নাটকের ইরানি বাঁদি, তীর্থঙ্কর নাটকের তাহমিনা ঢাকার মঞ্চে আলোচিত চরিত্র। আর এ চরিত্রের অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ। সুবচন নাট্যসংসদ থেকে বেরিয়ে বটতলা নাটকের দলে ধামাইল কিংবা খনা নাটকের ‘সুনিত্রা’ চরিত্রেও তিনি সমানভাবে আলোচনায় আসেন। প্রায় আট বছর তাঁকে আর মঞ্চে দেখা যাচ্ছে না। অর্ধযুগ ধরে যিনি থিয়েটারে টানা কাজ করে আসছেন, তাঁকে আর মঞ্চে দর্শক খুঁজে পাচ্ছেন না। কী কারণে থিয়েটারে তাঁর অনুপস্থিতি? ‘আমার বাসা উত্তরা আর থিয়েটারের মহড়া হয় মোহাম্মদপুরে। সুতরাং এই যানজটের শহরে এত দূর পথ ঠেলে গিয়ে নিয়মিতই মহড়ায় সময় দেওয়ার শক্তি পাই না।’ বললেন মৌ। তবে আরও একটি কারণে থিয়েটারে নিয়মিত অনুপস্থিতির কথা উল্লেখ করলেন তিনি। ‘এখন তো আমার পেশা পর্দায় অভিনয় করা। এখানে যেহেতু অর্থের বিনিময়ে কাজ করতে হয়, তাই একটা দায়িত্ববোধ থেকেই যায়। সে কারণে চাইলেও নিয়মিত মঞ্চে সময় দেওয়া সম্ভব হয় না। আর দুটি জিনিস নিয়মিতভাবে একসঙ্গে করা যায় না, ঠিকও হবে না।’ তাহলে কি মঞ্চের সঙ্গে এখানেই সম্পর্ক শেষ হয়ে যাবে? ‘না’ উত্তর দিলেন তিনি। মৌ বললেন, ‘মঞ্চ থেকে হারাতে চাই না। এখন তো অনেকগুলো রিপার্টরি দল হয়েছে। সেখানে কাজ করতে চাই। কেননা এসব দলে বছরে নির্দিষ্ট কিছু শোর জন্য চুক্তি করতে হয়। সব সময় কাজ নেই। ফলে আমার পেশা টেলিভিশনের কাজটিও নিয়মিত করা সম্ভব হবে। কদিন আগে দশরূপক নামে একটা রিপার্টরি দলের বিসর্জন নাটকটিতে আমি অভিনয় করেছি। এভাবে আরও কিছু রিপার্টরি দলের সঙ্গে কাজ করে থিয়েটারটা করতে চাই।’ বিদ্যাসাগর থেকে বঙ্গভঙ্গমঞ্চে শিক্ষাদান অর্থাৎ বিভিন্ন কর্মশালা থেকে শুরু করে অভিনয়ের ক্ষেত্রেও শামীমা শওকত লাভলী নিয়মিত। শুধু দেশেই নয়, বাইরের একাধিক দেশে মঞ্চে অভিনয়, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশংসা নিয়ে এসেছেন তিনি। আরণ্যক নাট্যদলের একনিষ্ঠ এই নাট্যকর্মী দলের সব কাজেই উজ্জ্বল। দলের চলতি প্রযোজনা এবং বিদাসাগর নাটকটির পর এবার বঙ্গভঙ্গ নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। বঙ্গভঙ্গ নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন মামুনুর রশীদ। নির্দেশনা দেবেন ফয়েজ জহির। লাভলী বলেন, ‘বঙ্গভঙ্গ নাটকে অবশ্যই অভিনয় করব। এমনকি আমি নাটকটির পোশাক পরিকল্পনার কাজটিও করতে চাই। বর্তমান দ্য ডিসটেন্ট নিয়ার নামের একটি নাটক নিয়ে মামুনুর রশীদ দেশের বাইরে সফর করবেন। এ কারণে বঙ্গভঙ্গ নিয়ে কাজটি একটু দেরি হচ্ছে। আশা করা যায়, ঈদের পরপরই প্রাথমিকভাবে কাজটি শুরু হবে।’এদিকে শামীমা শওকত লাভলী ঈদের পরপরই থিয়েটারের ওপর প্রশিক্ষণ দিতে ১৫ দিনের সফরে যাচ্ছেন নরওয়ে। বাংলাদেশের থিয়েটার আঙ্গিকের সঙ্গে নরওয়ের থিয়েটারের আঙ্গিক মিশিয়ে থিয়েটারে নতুন মাত্রা আনার ওপর কর্মশালা অনুষ্ঠিত হবে। লাভলী বলেন, ‘আমি ছাড়া মেক্সিকো ও লেবানন থেকে আরও দুজন প্রশিক্ষণ দিতে আসবেন। আমাদের তিনজনের নিজ নিজ দেশীয় থিয়েটার আঙ্গিকের সঙ্গে নরওয়ের থিয়েটার আঙ্গিকের ফিউশন করে থিয়েটারে ব্যবহার করার ওপর এই কর্মশালা হবে।’