
শিল্পকলা একাডেমীর ছাদে একটা মেঘলা সন্ধ্যা। স্টুডিও থিয়েটারের প্রবেশমুখে বেশ কজন দর্শক। গতকাল শনিবার তাঁরা দেখতে এসেছিলেন মামুনুর রশীদের রচনা ও নির্দেশনায় নাটক অমানুষ। বাংলা থিয়েটারের ষষ্ঠ প্রযোজনা এবং এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী এটি। একজন দর্শককে দেখা গেল হলে ঢোকার আগে পড়ে নিচ্ছেন নাটকের সারসংক্ষেপ। দর্শকপূর্ণ হলে নাটক শুরু হলো।
চরিত্র মাত্র দুটি। তার ওপর সংলাপ আওড়াচ্ছেন শুধুই স্ত্রী। স্বামী দুই মাস কথা বন্ধ রেখেছেন। নাটকের ৩৫ মিনিটে পৌঁছে তিনি মুখ খোলেন। স্বীকার করেন তাঁর ভুল। স্বীকার করে নেন ইতিহাস আর জনজীবনের প্রতি দায়। অদ্ভুত এ চরিত্রের মুখ থেকে সেসব কথা শোনান নাট্যকার। তবে তিনি জানিয়েছেন ১৯৯৫ সালে লেখা এ নাটকে ওই সময় উঠে আসেনি। তবে তিনি কোন সময়কে ধারণ করেছেন? দর্শকেরা বুঝে নেবে হয়তো। স্ত্রী চরিত্রে মিতা চৌধুরী যখন বললেন, পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর স্ত্রীর সামনে জাদু দেখায় না, তুমি কথা বলো। স্বামী মামুনুর রশীদ মুখ খুললেন। এবং তারই সঙ্গে অনায়াসে মঞ্চ মাতালেন মিতা-মামুনুর।
প্রথম প্রদর্শনী হিসেবে সূক্ষ্ম অব্যবস্থাপনাগুলো চৌকস দর্শকেরা ধরতে পেরেছেন হয়তো। বাঙলা থিয়েটার নিশ্চয়ই সারিয়ে নেবে ত্রুটিগুলো।