মঞ্চকুসুমের অভিনয়ে সমৃদ্ধ বাংলার নাট্যমঞ্চ
‘নন্দিত শিল্পী শিমূল ইউসুফ, আমার আদরের শিমূল বিল্লাহ। ছোটবেলায় আমার বুকে শুয়ে গুনগুন করে গান গাইত। তারপর সময়ের তরঙ্গায়িত সাম্পান ধরে শিমূলের সুর ও সংগীত কল্লোলিত করেছে আমাদের সমগ্র জনপদ। শিমূলের অভিনয়ের দ্যুতিতে আলোকিত আজ আমাদের মঞ্চ। তাঁর সংগীত ও অভিনয়ের দ্বৈত সত্তার অভিন্ন উপস্থিতি শিল্পের জমিনে নুতন ফসল। আমি শিমূলকে আনন্দচিত্তে “মঞ্চকুসুম” নামে অভিষিক্ত করছি।’ ১৯৯৯ সালের ২৯ সেপ্টেম্বর কবি সুফিয়া কামাল এভাবেই শিমূল ইউসুফকে ‘মঞ্চকুসুম’ উপাধিতে ভূষিত করেন। ২০০৪ সালে শিমূল ইউসুফের পঞ্চাশতম জন্মজয়ন্তীতে তাঁকে নিয়ে গ্রন্থ রচনার উদ্যোগ নেওয়া হয়। চার বছর পেরিয়ে গতকাল প্রকাশিত হলো মঞ্চকুসুম শিমূল ইউসুফ নামের সেই গ্রন্থটি। এ উপলক্ষে শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন লেখক সৈয়দ শামসুল হক ও নাট্যজন রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করেন বইটির সম্পাদক বেলাল চৌধুরী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন হাসান আরিফ। অনুষ্ঠানে মঞ্চকুসুম শিমূল ইউসুফসহ আরও উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, সারা আরা মাহমুদ, ঝুনা চৌধুরী, বেগমজাদী মেহরুননিসা এবং মঞ্চনাট্যজগতের অনেকেই। প্রকাশিত বইটি প্রসঙ্গে বক্তারা বলেন, মঞ্চকুসুম শিমূল ইউসুফের অসামান্য অভিনয়ে সমৃদ্ধ হয়েছে বাংলা নাট্যমঞ্চ। সংস্কৃতি ক্ষেত্রে অনেক বিষয়ে তিনি পারঙ্গম। এই গ্রন্থ শুধু একজন শিল্পীর জীবনচিত্রই নয়, শিল্পযাপনের মূল্যায়নও উঠে এসেছে যথাযোগ্য বিশ্লেষণে। সমসাময়িককাল তো বটেই, ভাবীকালের মানুষ ও গবেষকদের জন্যও এই সংকলন প্রয়োজনীয় এক দলিল হয়ে থাকবে। প্রকাশনা অনুষ্ঠানে সঞ্চালকের অনুরোধে শিল্পী শিমূল ইউসুফ ‘এমন সুন্দর মন’ গানের কয়েকটি লাইন গেয়ে শোনান। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি শহীদ আলতাফ মাহমুদের স্মৃতিচারণা করে বলেন, ‘মাঝে মাঝে যখন রাতে ঘুম হয় না, তখন ভাইয়ার ছবির সামনে গিয়ে দাঁড়াই। বলি, ভাইয়া তোমার কাছে শেখার আরও অনেক কিছু ছিল।’বইটিতে ‘মঞ্চকুসুম’কে নিয়ে দুই বাংলার ৫৬জন শীর্ষস্থানীয় কবি ও লেখকের লেখা রয়েছে। আমাদের দেশের লেখকদের মধ্যে আছেন মাহবুব উল আলম, হাসান আজিজুল হক, আনিসুজ্জামান, সৈয়দ শামসুল হক, সিরাজুল ইসলাম চৌধুরী, রফিকুল ইসলাম, মমতাজ উদ্দীন আহমদ, রফিক আজাদ, আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ। পশ্চিমবঙ্গের লেখকদের মধ্যে আছেন পবিত্র সরকার, ঊষা গাঙ্গুলী, দেবেশ রায়, রুদ্র প্রসাদ সেনগুপ্ত প্রমুখ। বইটিতে আলোচনা ছাড়াও রয়েছে শিমূল ইউসুফ অভিনীত বিভিন্ন মঞ্চনাটকের স্থিরচিত্র, তাঁর গানের অ্যালবামের প্রচ্ছদ এবং শিল্পী রফিকুন নবী, যোগেন চৌধুরী, মাহমুদুল হক ও শিশির ভট্টাচার্যের আঁকা তাঁর প্রতিকৃতি। ২৫৭ পৃষ্ঠার এ বইটি উৎসর্গ করা হয়েছে বিনোদিনী দাসী ও নাট্যাচার্য সেলিম আল দীনকে। মাওলা ব্রাদার্স থেকে প্রকাশিত এ বইটির প্রচ্ছদ এঁকেছেন শাজাহান আহমেদ বিকাশ।